আলোচনার আর কোনো সুযোগ নেই: নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের আর মাত্র চার মাস বাকি। এই সময়ের মধ্যে আলোচনার আর কোনো সুযোগ নেই। নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। সৈয়দ তাজউদ্দীন আহমদের জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
সাংবাদিক নির্যাতন প্রসঙ্গে নাসিম বলেন, ‘যারা সাংবাদিকদের অপদস্থ করে, তাদের রুখতে হবে। যারা দলের ইমেজ নষ্ট করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সংগঠনের সভাপতি সাংসদ তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।