আলোচনার আড়ালে আক্রমণের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিক সালিক
সিদ্দিক সালিক
একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের হত্যা করে নির্বিচারে। নিজেদের স্মৃতিকথায় কখনো তারা নির্মমতার পক্ষে সাফাই গেয়েছে, কখনো দায় চাপিয়েছে অন্যের ঘাড়ে। উইটনেস টু সারেন্ডার থেকে ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিক সালিকের স্মৃতি

অনেক প্রেসিডেন্ট ও রাষ্ট্রপ্রধানের আগমনই আমি দেখেছি, কিন্তু ১৫ মার্চ ১৯৭১ ইয়াহিয়া খান যে পরিবেশে ঢাকায় এলেন, তেমনটা আর কখনো দেখিনি। বিমানবন্দরে ঢোকার সব রাস্তা সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল। টার্মিনাল ভবনের ছাদে ইস্পাতের হেলমেট পরা সেনাদের রাখা হয়েছিল রক্ষী হিসেবে। বিমানবন্দরে যারা ঢুকছিল, ব্যাপক তল্লাশি করা হচ্ছিল তাদের। পাকিস্তান এয়ারফোর্সের ফটকে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছিল। টারমাকে ঢোকার ওটাই ছিল একমাত্র পথ। ফটকের বাইরে পদাতিক বাহিনীর (১৮ পাঞ্জাব) এক কোম্পানি (প্রায় ১০০) সৈন্য মেশিনগানসহ ট্রাকে অপেক্ষা করছিল। তাদের দায়িত্ব ছিল প্রেসিডেন্টকে পাহারা দিয়ে শহরে নিয়ে যাওয়া। অল্প কয়েকজন কর্মকর্তাকে বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল। তাদের বাছাই করা হয়েছিল খুবই সতর্কতার সঙ্গে।

সেখানে ফুল নিয়ে কেউ অপেক্ষা করছিল না। বেসামরিক কর্মকর্তা বা ‘নগরের অভিজাতরা’ও লাইন ধরে তাঁর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে ছিল না। ছিল না কোনো সাংবাদিকের ক্যামেরার ক্লিক। এমনকি সরকারি আলোকচিত্রীদেরও ঢুকতে দেওয়া হয়নি। প্রেসিডেন্টকে বরণ করে নেওয়ার জন্য যাঁরা অপেক্ষা করছিলেন, তাঁরা হলেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, মেজর জেনারেল খাদিম রাজা, মেজর জেনারেল রাও ফরমান আলী ও মেজর জেনারেল এ ও মিঠা। মিঠা ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল।
সে সময় ঢাকার পুলিশ সুপার হাঁপাতে হাঁপাতে এসে একটি ‘ভালো খবর’ দিলেন। শেখ সাহেব মহানুভবতার সঙ্গে ফার্মগেটের চেক পয়েন্ট সরিয়ে নিতে রাজি হয়েছেন। কারণ, তিনি চান না তাঁর ‘অতিথি অস্বস্তিতে পড়ুক’। এর আগে শেখ মুজিবুর রহমান প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, বাংলা দেশের অতিথি হিসেবে প্রেসিডেন্ট ইয়াহিয়া ‘স্বাগতম’। বিমানবন্দরে নেমে ইয়াহিয়া খান আত্মবিশ্বাসের সঙ্গেই কথা বললেন। সবার সঙ্গে হাত মেলালেন, এমনকি আমার সঙ্গেও। এমনটা মোটেই মনে হলো না যে তিনি কোনো চাপে বা বিবেকের তাড়নার মধ্যে আছেন। সেনা ইউনিট পরিদর্শনের সময় তাঁকে যেমন ভাবলেশহীন দেখানো উচিত, ঠিক তেমনটাই দেখাচ্ছিল। আমরা যে কী করুণ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি, তার চেহারা দেখে মনেই হলো না, তিনি সেটা জানেন।
প্রেসিডেন্টের জন্য গাড়ি ও হেলিকপ্টার দুটোই প্রস্তুত ছিল। টিক্কা খান হেলিকপ্টারের দিকে তাকিয়ে বললেন, ‘আপনি কি স্যার গাড়িতে করেই যাবেন’।
প্রেসিডেন্ট জবাব দিলেন, ‘তোমার কোনো সন্দেহ আছে?’
টিক্কা বললেন, ‘না, হেলিকপ্টারও প্রস্তুত আছে’।
প্রেসিডেন্ট তখন বললেন, ‘না, আমি গাড়িতেই যাব’।
সেদিন বিকালেই প্রেসিডেন্ট হাউসে ইয়াহিয়া খান পরিস্থিতি সম্পর্কে তাত্ক্ষণিকভাবে জানার জন্য সকল জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ডাকলেন। টিক্কা খান, খাদিম হোসেন, রাও ফরমান আলী, এয়ার কমোডর মাসুদসহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা শুরু হলো একেবারে প্রথাগত সামরিক কায়দায়। নির্দিষ্ট ছকেই তা এগোচ্ছিল: লক্ষ্যের ওপর আলোকপাত, সমস্যার বিশালত্ব সম্পর্কে আলোচনা (শুধু আইন-শৃঙ্খলার দিকগুলো), প্রয়োজনীয় সংখ্যক সেনা আছে কি না এবং তাদের মোতায়েন প্রভৃতি বিষয়ে। সকল বৈঠকের মতো এটিও শেষ হলো সকলের আত্মবিশ্বাস পোষণের মধ্য দিয়ে। কিন্তু জটিল রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টকে কিছুই বলা হলো না। কেন বলা হলো না-পরবর্তীকালে এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে এ প্রশ্ন করেছিলাম। তিনি জবাব দিয়েছিলেন, ‘প্রেসিডেন্টই তো সেটা চাননি। তাঁর নিজের উপদেষ্টামণ্ডলী আছে। তিনি তাদের বিশ্লেষণের ওপর নির্ভর করতেন। বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন, তিনি তাদের বিশ্লেষণের ধার ধারেননি।’
বৈঠকের পর প্রেসিডেন্ট বলেন, ‘উদ্বিগ্ন হয়ো না। কাল আমি শেখ মুজিবের সুরেই কথা বলব। তাঁকে আমার মনোভাব সম্পর্কে ইঙ্গিত দেব, তবে তাঁকে তেমন পাত্তা দেব না, এমনকি মধ্যাহ্নভোজেরও দাওয়াত দেব না। পর দিন আবারও তাঁর সঙ্গে বসব। দেখব, তিনি কী প্রতিক্রিয়া দেখান। তিনি যদি ঠিকঠাক কাজ না করেন, তাহলে সেটার কী জবাব দিতে হবে, তা আমি জানি।’
তাঁর কথার পর ঘরে নীরবতা নেমে এল। কয়েকটি অস্বস্তিকর মুহূর্তের পর এক লম্বা-পাতলা মতো লোক উঠে দাঁড়িয়ে কিছু বলার অনুমতি চাইলেন। তিনি বললেন, ‘স্যার, বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। সমস্যা মূলত রাজনৈতিক। ফলে এর সমাধানও রাজনৈতিকভাবে হতে হবে। তা না হলে হাজার হাজার নিরীহ নরনারী মারা পড়বে।’

মার্চ ১৯৭১: ইয়াহিয়া ঢাকায় এলেন ভাবলেশহীন চেহারা নিয়ে
মার্চ ১৯৭১: ইয়াহিয়া ঢাকায় এলেন ভাবলেশহীন চেহারা নিয়ে

ইয়াহিয়া খুব মনোযোগের সঙ্গে তাঁর কথা শুনলেন। অন্যরা শুনলেন উত্কণ্ঠার সঙ্গে। প্রেসিডেন্ট মাথা নেড়ে নেড়ে বললেন, ‘মিট্টি, আমি এটা জানি...জানি...।’ তবে কিছুদিন পরে গোপনে ওই ব্যক্তিটিকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
পরের দিন ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হাউসে শেখ মুজিবের সঙ্গে বসলেন। তাদের কারও সঙ্গেই অন্য কেউ ছিল না। ধারণা করা হচ্ছিল, এটা ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর এক অনানুষ্ঠানিক চেষ্টা। কিন্তু শেখ মুজিব যে তাঁর কথায় সায় দেবেন না, এটা বুঝতে প্রেসিডেন্টের বেশি সময় লাগল না। শেখ মুজিবের অন্য চিন্তা ছিল।
গত ১৫ দিন ধরে পূর্ব পাকিস্তান কার্যত শেখ মুজিবের শাসনে চলছিল। তিনি দৃঢ়ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। কথা হচ্ছে, তিনি শুধু শুধু ক্ষমতা ছেড়ে দেবেন কেন? অন্যদিকে ইয়াহিয়া খান বিশ্বাস করতেন, চূড়ান্ত ক্ষমতা রয়েছে তাঁরই হাতে। তিনি একাধারে প্রধান সামরিক আইন প্রশাসক, সামরিক বাহিনীর প্রধান ও সেনাবাহিনীর প্রধান। পর্যাপ্ত পরিমাণে ছাড় আদায় করতে না পারলে কেন তিনি একজন আঞ্চলিক নেতার কথা মেনে নেবেন? এটাই ছিল মূল দ্বন্দ্ব। তারা দুজনেই ভিন্ন দুই পটভূমি থেকে কথা বলছিলেন। দুজনেই মনে করেছেন, তাদের কাছ থেকে অন্য পক্ষ ছাড় পাওয়ার আশা করছে।
১৭ মার্চ ইয়াহিয়া ও শেখ মুজিব আনুষ্ঠানিক আলোচনা করেন। সময়টা ছিল অত্যন্ত কঠিন। উভয় পক্ষই সমঝোতার কোনো ইঙ্গিত না দিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। আওয়ামী লীগ ভালো প্রস্তুতি নিয়েই এসেছিল, কিন্তু প্রেসিডেন্টের উপদেষ্টাদের কাছে তারা নিজেদের অবস্থান যুক্তিগ্রাহ্য করতে পারলেন না। বৈঠকের পর শেখ মুজিব যখন তাঁর সাদা গাড়িতে কালো পতাকা নাড়িয়ে বেরিয়ে এলেন, সাংবাদিকেরা তখন তাঁকে ফটকে আটকে দিলেন।
আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু আমার উর্দির দিকে তাঁর কোনো খেয়ালই ছিল না। মনে হলো, তিনি আচ্ছন্ন এবং অত্যন্ত উত্তেজিত। আমি তাঁর বাঁদিকের কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে মুখের দিকে তাকালাম। মুখটি ছাইবর্ণ হয়ে উঠেছে। তাঁর পুরো শারীরিক কাঠামো যেন দুলছিল। ঠোঁট কাঁপছিল উত্তেজনায়। তিনি সব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ ও ‘না’ দিয়ে দিচ্ছিলেন। এরপর দ্রুত গাড়ি চালিয়ে ধানমন্ডির বাড়ির দিকে রওনা দিলেন। সাংবাদিকেরা তাঁকে অনুসরণ করছিল। অলস ভঙ্গিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বটগাছের নিচে আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। প্রেসিডেন্ট হাউসের লোহার ফটক ক্যাঁচক্যাঁচ শব্দ করে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে তখন শুধু প্রহরীদের বেয়নেট দেখা যাচ্ছিল।
সেনানিবাসে ফিরে আমি জানতে পারলাম, জিওসি খাদিম হোসেন রাজা বৈঠকের ফলাফল সম্পর্কে জানতে জেনারেল টিক্কা খানের কাছে গেছেন। টিক্কা তাঁকে বলেন, ‘খাদিম, তুমি যতটুকু জানো, আমিও ততটুকুই জানি।’ খাদিম বললেন, ‘কিন্তু স্যার, আপনি তো ওখানে ছিলেন। কী হচ্ছে, তা জানার অধিকার আপনার আছে-যাতে লোকে মনে না করে, আপনি কিছু জানেন না।’
সেদিন সন্ধ্যায় জেনারেল টিক্কা খানের স্টাফ গাড়ি প্রেসিডেন্ট হাউসে ঢুকল। জানা যায়, ইয়াহিয়া খান তাঁকে বলেন, ‘হারামজাদাটা ঠিকঠাক কাজ করছে না। তুমি প্রস্তুত হও।’ টিক্কা খান রাত ১০টায় সেনানিবাসে জিওসিকে ফোন করে বলেন, ‘খাদিম, তুমি কাজ চালিয়ে যেতে পারো।’
ধরে নেওয়া হয়, সেনা অভিযানের পরিকল্পনা ও দাপ্তরিক কাজ শুরু করা যেতে পারে; কিন্তু অভিযান চালানো হবে কি হবে না, তা নির্ভর করে রাজনৈতিক আলোচনার ওপর। অবশ্য সেনাবাহিনীকে সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনী কোনো অভিযান চালানোর জন্য প্রেসিডেন্টের ওপর চাপ দিচ্ছিল না। তারা তখনো রাজনৈতিক আলোচনার ওপর নির্ভর করছিল। এটা বলা দরকার, আমাদের কোনো একটা কাজের প্রস্তুতি নেওয়া মানে এই নয় যে আমাদের সেটা করার উদ্দেশ্য আছে।
সূত্র: উইটনেস টু সারেন্ডার, সিদ্দিক সালিক; ইউপিএল; ঢাকা, ১৯৯৭।