আলোচনার কথা বলে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার একদিকে দমন-পীড়ন চালাচ্ছে, অন্যদিকে আলোচনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, গতকাল দেশের সর্বত্র ১৮-দলীয় জোটের ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্থানে পুলিশ-র‌্যাব-বিজিবি এবং আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা হামলা করেছেন। এতে জোটের আটজন নেতা-কর্মী নিহত ও ৫৭৫ জন আহত হয়েছেন। তিনি দাবি করেন, শুক্রবার সারা দেশে বিরোধী দলের ৬৫০ জনকে গ্রেপ্তার ও ৩১ হাজার নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, পুলিশ, র‌্যাব ও বিজিবি প্রজাতন্ত্রের কর্মচারী। কিন্তু এ সরকার তাদের দলীয়করণ করার চেষ্টা চালাচ্ছে। সীমান্তে হত্যা চলছে। সেখানে দায়িত্ব পালন না করে বিজিবিকে ন্যায়সংগত সংগ্রাম দমনে ব্যবহার করা হচ্ছে।
শুক্রবারের সমাবেশে খালেদা জিয়া বলেছেন, ২৭ অক্টোবর থেকে বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধ। এমন হলে ওই তারিখের পর বিরোধীদলীয় নেতার বৈধতা থাকে কি না—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বক্তব্য ‘স্ব-ব্যাখ্যাত’। তাঁর বক্তব্যের মধ্যেই এর উত্তর রয়েছে।
২৭ অক্টোবরের পর বিএনপি সংসদ থেকে পদত্যাগ করবে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বিষয়টি এড়িয়ে যান।
সরকার আলোচনার আহ্বান জানালে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না, জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সময় হলে দেখা যাবে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লা, আমানউল্লাহ, রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।