জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে মনমোহন সিং বলেছেন, আলোচনার কিছু ঘাটতির কারণে তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি। তবে এ চুক্তি করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।বৈঠক শেষে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ এ কথা সাংবাদিকদের বলেছেন। তিনি বলেন, ‘মনমোহন সিং স্পষ্ট করে বলেছেন, আলোচনার কিছু ঘাটতির কারণে এ সফরে চুক্তিটি করা সম্ভব হয়নি।’গতকাল বুধবার বিকেলে সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধিদল সৌজন্য বৈঠক করে।বিকেল চারটা ৪০ মিনিট থেকে ২০ মিনিটের এ বৈঠকে এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও বিমানমন্ত্রী জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু।জাতীয় পার্টি সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী তিস্তার প্রসঙ্গটি উত্থাপন করে বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে তেমন কোনো জটিলতা নেই। বিষয়টি নিয়ে আরেকটু আলোচনার পর শিগগির এ চুক্তি হবে। কারণ, বাংলাদেশে তিস্তার পানি বণ্টন চুক্তির গুরুত্বের বিষয়টি ভারত জানে।বৈঠকে এরশাদ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানো, সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বন্ধ ও বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সীমান্তে আরও চারটি নিরাপত্তা চৌকি বসানোর দাবি করেছেন। এ ছাড়া ট্রানজিট দেওয়া নিয়ে বাংলাদেশ সরকার রাজনৈতিক বিরোধিতার মুখে আছে উল্লেখ করে এরশাদ বলেছেন, আরও আলোচনার পর এটি করলে ভালো হবে।বৈঠক শেষে আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ট্রানজিট নিয়ে আরও আলোচনা করে বাংলাদেশের সুবিধামতোই চুক্তি করতে চায় ভারত।