আলোচনার জন্য প্রস্তুত বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সফররত রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে। গতকাল শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেত্রী এ সময় মার্কিন কর্মকর্তাকে বলেন, সমাধান খুঁজতে আলোচনার জন্য তিনি প্রস্তুত। এই আলোচনা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যেকোনোটাই হতে পারে। গতকাল বিকেলে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাতের সময় উপস্থিত বিএনপির এক নেতা বলেন, যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি এ দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছেন। তিনি মনে করেন, বাংলাদেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এ জন্য গ্রহণযোগ্য নির্বাচনের উপায় খুঁজতে তিনি সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার কথা বলেছেন। বিএনপির চেয়ারপারসন তাঁকে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের আলোচনায় তাঁর দল প্রস্তুত আছে।বৈঠকে বিএনপির পক্ষ থেকে মার্কিন কর্মকর্তার কাছে বিরোধী দলের ওপর ‘সরকারি দলের দমন-নিপীড়নের’ কথা তুলে ধরা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দীন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এ সময় উপস্থিত ছিলেন।