আলোচনার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে: রেহমান সোবহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘একাত্তরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সে দেশ অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, সেটি সম্ভব নয়।’

আজ শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে একটি বেসরকারি টেলিভিশন আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে রেহমান সোবহান এ কথা বলেন।

অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, সহিংসতা ছাড়া এমন একটি নির্বাচন করতে হবে যেখানে সব ভোটার নির্ভয়ে অংশ নিতে পারেন। তবে সেটি কীভাবে হবে, এটিই রাজনৈতিক দলগুলোর জন্য এখন বড় চ্যালেঞ্জ। আর এ জন্য দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, তারা জনগণের সেবক। দলগুলো একপক্ষ আরেক পক্ষকে দোষ দেয়, এভাবে চলতে পারে না। ‘বছরের পর বছর ধরে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয় না, যা বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না।’

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার নির্বাচনী বিতর্ক অনুষ্ঠান ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চূড়ান্ত পর্বে বিতর্কের আলোচ্য বিষয় ছিল বিরোধী জোটের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় সরকারের আন্তরিকতা নিয়ে। সংসদীয় ধারার এই বিতর্কে অংশ নেয় দুটি বিশ্ববিদ্যালয়। এতে সরকারি দল ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল ছিল ইবাইস বিশ্ববিদ্যালয়। প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ইবাইস বিশ্ববিদ্যালয়।