
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আলোচনার দরজা এখনো খোলা রয়েছে, গণভবনে আসুন। আমরা আলোচনা করে ফয়সালা করি।’ তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার বরগুনার বামনা, তালতলীতে জনসভা ও পটুয়াখালীর কলাপাড়ায় সুধী সমাবেশে এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপড়ায় পায়রা সমুদ্রবন্দরের উদ্বোধন এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য ‘বানৌজা শেরেবাংলা’ নৌঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও বরগুনায় বেশ কিছু উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গতকাল সকালে বামনা উপজেলার সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনে এখন আর মানুষ পায় না। তাই আন্দোলনের নামে বাসের ভেতরে ঘুমন্ত চালক, এমনকি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে যাত্রীদের পুড়িয়ে হত্যা করছে। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীকে আমি ফোনে আলোচনার দাওয়াত দিলাম। উনি আলোচনায় না বসে হরতাল দিলেন, মানুষ পুড়িয়ে মারলেন।’
প্রধানমন্ত্রী আবারও নৌকায় ভোট চেয়ে বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে স্কুল ও কলেজ সরকারি করা হবে। প্রতিটি উপজেলায় একটি করে কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা হবে। সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মন্ত্রী আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, হুইপ নুর-ই-আলম চৌধুরী, স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান প্রমুখ বক্তব্য দেন। জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বামনায় ১৪টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিকেলে জেলার নবগঠিত তালতলী উপজেলার তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী বলেন, তিনি যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে জানেন। বিএনপির ৪৮ ঘণ্টার সময়সীমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই বিএনপি হরতালের নামে মানুষ হত্যা করছে।
তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক জোমাদ্দারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবুল হাসানাত আবদুল্লাহ, সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এথিন রাখাইন প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রী কয়েকটি উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জনসভায় তালতলীর রাখাইন শিল্পীরা রাখাইন রথ নৃত্য পরিবেশন করেন। ২০০১ সালে তৎকালীন বরগুনা-৩ আসনে (আমতলী-তালতলী) নির্বাচনে জয়ী হয়েছিলেন শেখ হাসিনা। এবার তাঁর নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পর তালতলীকে উপজেলায় উন্নীত করা হয়।
দেশের তৃতীয় সমুদ্রবন্দরের উদ্বোধন: বরগুনার বামনা থেকে ফিরে প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর তীরে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে পায়রা সমুদ্রবন্দরের উদ্বোধন ও বাংলাদেশ নৌবাহিনীর জন্য বানৌজা শেরেবাংলা নৌঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনের পরই দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
পরে সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দেবে, ভোটের মাধ্যমে তারা সরকার নির্বাচন করবে, এটাই হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই পায়রা বন্দর গড়ে তোলা হচ্ছে। শান্তির প্রতীক ‘পায়রা’র নামে বন্দরের নামকরণ করা হয়েছে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান নুর-ই-আলম চৌধুরী, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহামঞ্চদ নিজাম উদ্দিন প্রমুখ।
৫ নভেম্বর সংসদে পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন-২০১৩ পাস হয়। এ আইনের আওতায় রামনাবাদ চ্যানেল-সংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়াতে ১৬ একর জমিতে দেশের তৃতীয় সমুদ্রবন্দর গড়ে তোলা হয়।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বরগুনার নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী ও কলাপাড়া এবং পাথরঘাটা ও আমতলী (বরগুনা) প্রতিনিধি।