আলোচনার দাওয়াত অব্যাহত: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে আলোচনার জন্য দাওয়াত অব্যাহত রয়েছে। বিরোধীদলীয় নেত্রী যেকোনো সময় এলেই আলোচনা শুরু হতে পারে।’
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থানকালে হানিফ এ কথা বলেন।
‘সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে’—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, ‘সরকার বারবার আলোচনার উদ্যোগ নিয়েছে, কিন্তু এখন উদ্যোগ নিতে হবে আপনাদেরই।’
এর আগে ২৭ অক্টোবর ফখরুল বলেন, সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে। এ ক্ষেত্রে বিএনপির দাবি স্পষ্ট। নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আলোচনা হতে হবে।
আলোচনা প্রসঙ্গে ফখরুল বলেছিলেন, ‘যে সময়ে ফোন করা হয়েছে, সে সময়টা ছিল অত্যন্ত স্বল্প। আমাদের পক্ষে সম্ভব ছিল না যাঁরা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার। এটাকে অজুহাত হিসেবে দেখানোটা সঠিক হবে বলে আমি মনে করি না।’
ফখরুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, ‘গত দুই দিনের হরতালে যে মানুষের প্রাণহানি হয়েছে, তার দায় কে নেবে, বিরোধীদলীয় নেত্রী? আপনি কার স্বার্থে দেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাতে চান? নাশকতা সৃষ্টি করে কোন অপশক্তিকে ক্ষমতায় আনতে চাইছেন?’
হরতালবিরোধী অবস্থানকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থানকালে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীসহ অন্য নেতারা।
বিএনপির ডাকা তিন দিনের হরতালের আজ শেষ দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এ ছাড়া যুবলীগ হরতালবিরোধী মোটরসাইকেল মহড়া দিচ্ছে।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুঠোফোনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতাকে ২৮ অক্টোবর গণভবনে আমন্ত্রণ জানান। জবাবে খালেদা জিয়া বলেন, তাঁদের জোটের হরতাল কর্মসূচি থাকার কারণে ২৮ অক্টোবর নয়, ২৯ অক্টোবরের পর যেকোনো দিন তিনি সংলাপে বসতে প্রস্তুত।