আলোচনার পথ বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার পথ বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুজনেই বলেছেন, এখনো আলোচনার সুযোগ আছে।সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় আলোচনার পথ বন্ধ হয়ে গেছে—প্রধান বিরোধী দল বিএনপির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় আয়োজিত মতবিনিময় সভার পর দুই মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবন মিলনায়তনে প্রস্তাবিত পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১১ নিয়ে আয়োজিত মতবিনিময় শেষে আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশ মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে। বিল আকারে এটি জাতীয় সংসদে তোলা হবে। সংসদ থেকে তা স্থায়ী কমিটি ঘুরে আবার সংসদে আসবে। বিএনপি চাইলে এটি নিয়ে সংসদে আলোচনা করতে পারে। আলোচনার পথ খোলা নেই বলে বিএনপি যে দাবি করেছে, তা সঠিক নয়।আইনমন্ত্রী আরও বলেন, বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্য থাকলেও তাঁরা কোনো সভায় অংশ নেননি। কমিটির দেওয়া প্রতিবেদন বিরোধী দলের কাছেও পাঠানো হয়েছিল, তা নিয়েও তাঁরা কোনো কথা বলেনি। এর আগে সভায় আইনমন্ত্রী বলেন, বর্তমান পাওয়ার অব অ্যাটর্নি আইনটির কারণে কিছু সমস্যা হচ্ছে। পাওয়ার অব অ্যাটর্নির কথা বলে একজনের সম্পত্তি আরেকজন অবৈধভাবে বিক্রি করে দিচ্ছে। এসব সমস্যা দূর করতেই নতুন আইন করা হচ্ছে।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রকল্পের আওতায় আইনটি করা হচ্ছে। সভায় এর খসড়া উপস্থাপন করা হয়।