আলোচনার পথ বন্ধ হয়নি: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনের প্রশ্নে বিরোধী দলের সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি। আলোচনার পথ বন্ধ হলে সংঘাত হয়। আওয়ামী লীগ, সরকার কিংবা দেশের সাধারণ মানুষ—কেউই সংঘাত চায় না।গতকাল রোববার জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে সৈয়দ আশরাফ এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের স্বাধীনতাই কেবল যুদ্ধ করে অর্জন করা হয়েছে। এ ছাড়া যত অর্জন, তা আলোচনার মধ্য দিয়েই অর্জিত হয়েছে। তাই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে আওয়ামী লীগ বিশ্বাস করে।মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, ভোটদানের পদ্ধতি কী হবে বা কী কী করলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, সে বিষয়ে বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উত্থাপন করতে পারে। প্রধানমন্ত্রীই তো বলেছেন, যেকোনো গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে আলোচনায় সরকার রাজি।আরেক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, হরতাল করা গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ হরতাল করায় দোষের কিছু নেই। কিন্তু গাড়িতে-বাড়িতে আগুন লাগানো, চলাচলে বাধা সৃষ্টি, জানমালের ক্ষতি করার অধিকার কারও নেই। এ ধরনের সহিংসতা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, সেটাই স্বাভাবিক। সরকারের কাজই হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা।দিবসের আলোচনা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ‘জন্ম-মৃত্যু নিবন্ধন’ প্রকল্প আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হাসান এতে সভাপতিত্ব করেন। প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী ও ইউনিসেফের আবাসিক পরিচালক ক্যারোল ডি রয় অনুষ্ঠানে বক্তব্য দেন।মন্ত্রী জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় পরিকল্পনা গ্রহণের জন্য প্রকৃত জনসংখ্যা জানা আবশ্যক। প্রকৃত জনসংখ্যা জানা থাকলে তাঁদের মৌলিক চাহিদা নিরূপণ করা সহজ হয়। নিবন্ধন হলে জনসংখ্যার সঠিক চিত্র জানা যায়। কোন এলাকায় কত শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খাদ্য কী পরিমাণ দরকার, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়। জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিস্থিতিও জানা যায় নিবন্ধনের মাধ্যমে। মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক আ্য্যকাউন্ট খোলা, পাসপোর্টসহ জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য জিনিসপত্র পাওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।মন্ত্রী বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানস্থল শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তন থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় সাফল্য অর্জনের জন্য সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ক্রেস্ট, সনদ ও প্রাইজবন্ড উপহার দেওয়া হয়।