আলোচনার পর সেনা মোতায়েনের সিদ্ধান্ত: সিইসি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে আলোচনার পরই সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোটের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধিদল।
এ ব্যাপারে সিইসি সাংবাদিকদের বলেন, ১৯ এপ্রিল নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বৈঠক আছে। বৈঠকে আলোচনা করে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, জামিন না নিয়ে যাঁরা নির্বাচন করতে চাইবেন তাঁদের ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই। জামিন নিয়ে এলে এক ধরনের ব্যবস্থা; পালিয়ে থেকে নির্বাচন করলে আরেক ব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু করতে আইন অনুযায়ী যা যা করা দরকার তা-ই করা হবে।
আরও পড়ুন:
সেনা মোতায়েনের দাবি বিএনপির