আলোচনার পর বিএনপিকে চিঠি: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হলেই বিরোধী দল বিএনপিকে চিঠি দেওয়া হবে।’

আজ বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতাদের এক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সৈয়দ আশরাফুল ইসলাম।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বৈঠকের বিস্তারিত বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যের ধারাবাহিকতার অংশ হিসেবে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সংবিধান সম্মতভাবে নির্বাচনকালীন যে সরকারের প্রস্তাবকে সর্বাত্মক সমর্থন দিয়েছেন।’

এ সময় বড় দুই দলের সমঝোতার ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনা করে শিগগিরই সমঝোতার উদ্যোগ নেবেন।’

বৈঠকে যথা সময়ে নির্বাচন সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছেন ১৪ দলীয় জোটের নেতারা। তবে নির্বাচনকালীন সরকার গঠন প্রসঙ্গে সংবিধানের বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটটি।

বৈঠকে অংশ নেওয়া এক মন্ত্রী প্রথম আলো ডটকমকে জানান, মহাজোট নেতারা জানতে চান—২৫ অক্টোবরে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় কি করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, প্রশাসন সংঘাত নিরসনে সর্বাত্মক কাজ করবে।এ সময় আগামী শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতা-কর্মীদের থাকার নির্দেশ দেন।

দু-একদিনের মধ্যে বিরোধীদলীয় নেতাকে ফোন

বৈঠকে অংশ নেওয়া একটি দলের সাধারণ সম্পাদক প্রথম আলো ডটকমকে বলেন, আমরা জানতে চেয়েছিলাম। প্রধানমন্ত্রী কীভাবে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমঝোতা করবেন। তখন তিনি আমাদের বলেছেন দু-একদিনের মধ্যে বিরোধীদলীয় নেত্রীকে ফোন করবেন।

বৈঠকে উপস্থিত অপর একটি দলের সভাপতি প্রথম আলো ডটকমকে বলেন, বৈঠকে আমরা প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যথা সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

১৪ দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রচার শুরুর নির্দেশ

বৈঠকে শেষ হয়ে বের হয়ে আরেক মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারে অংশ নিতে চাইলে ১৪ দলীয় নেতাদের নাম দিতে বলেছেন। তার দেওয়া ভাষ্য, বিএনপি না আসলে মহাজোট ও ১৪ দলের নেতাদের নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা হবে। এ সময় তিনি ১৪ দলের মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী প্রচার শুরু করতে নির্দেশ দেন।

খালেদার প্রস্তাব অবাস্তব

এর আগে বৈঠকের আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব অবাস্তব ধরনের। ১৪ দলের বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও ১৪-দলীয় জোট-নেত্রী শেখ হাসিনা।

সূচনা বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, ‘কিছুদিন আগে বিরোধীদলীয় নেতা নির্বাচনকালীন সরকারের একটি প্রস্তাব দিয়েছেন। আজ সেটা সংসদে উপস্থাপনও করেছেন। কিন্তু তারা শুধু বলেই গেল। শুনে গেল না। ওয়াকআউট করে চলে গেল। আসলে তাঁরা আলোচনার জন্য আন্তরিক নয়।’ তিনি বলেন, ১৯৯৬ ও ২০০১ সময়ে তত্ত্বাবধায়ক সরকারে থাকা অনেকেই বেঁচে নেই। অনেকে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি আগেই বলেছিলাম, সবার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতিকে আমি একটি প্রস্তাব দেব। এর আগে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছি। এখন ১৪-দলের সঙ্গে আলোচনা করছি। এখন কীভাবে নির্বাচন হবে, সেটা নিয়েও এ বৈঠকে আলোচনা হবে।’

বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের সভাপতি ওয়াজেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।