বিরোধী দলকে হরতাল ও ধ্বংসাত্মক রাজনীতি বাদ দিয়ে আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, বারবার হরতাল দিলে জনসমর্থন কমবে, এই বাস্তবতা বিরোধী দল বুঝতে পেরেছে।ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ আশরাফ।প্রধান বিরোধী দলকে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আগামীতে হরতাল করার কোনো প্রয়োজন নাই। আলোচনার পরিবেশ সৃষ্টি করুন। যাতে সবার অংশগ্রহণে দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজছে আওয়ামী লীগ। কারণ, আওয়ামী লীগ সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় আলোচনার পরিবেশ তৈরি করতে চায়। আর এ জন্য প্রধান বিরোধী দলের সহযোগিতা দরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে সৈয়দ আশরাফ আশা প্রকাশ করেন। নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন প্রতিষ্ঠান সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার যে তাগিদ দিয়েছে, সে প্রসঙ্গে আশরাফ বলেন, প্রধানমন্ত্রী তো এ বিষয়টি পরিষ্কার করেছেন। পরিস্থিতিকে আরও জটিল করার কোনো মানে হয় না।এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘হরতাল কেউ সমর্থন করে না। এতে বিরোধী দলের দাবিও পূরণ হচ্ছে না। বরং বিরোধী দল ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে সংসদে যোগ দিলে আলোচনার পরিবেশ তৈরি হবে। আমরা আশা করছি, বিরোধী দল তাদের ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকবে এবং একটি উপযুক্ত পরিবেশ তৈরি করবেন, যাতে আলোচনা করা সম্ভব হয়।’মুজিবনগর দিবস পালিত: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিসভার সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। এরপর দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।এর আগে ভোর ছয়টায় বঙ্গবন্ধু ভবন এবং দেশের সব জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে বনানী কবরস্থানে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং রাজশাহীতে এ এইচ এম কামরুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঢাকা ও মুজিবনগরে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।