
ঢাকা সফরের পাঁচ দিনের মাথায় প্রধান দুই দলের রাজনীতিকদের আলোচনার টেবিলে বসালেন জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। দিনভর গণমাধ্যমের সঙ্গে ‘লুকোছাপা’ করে অনুষ্ঠিত এ বৈঠককে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের এই দূত ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছেন।
গতকাল দুপুরে তারানকোর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দুই দলই আলোচনার পরিবেশ সৃষ্টির কথা বলেছে। এ সময় আওয়ামী লীগের নেতারা বলেছেন, আলোচনা শুরুর জন্য বিরোধী দলকে অবরোধ তুলে দিতে হবে, জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে। আর বিএনপির নেতারা বলেছেন, দলের নেতাদের মুক্তি, দলীয় কার্যালয় খুলে দেওয়া এবং সমাবেশ করার অনুমতি দিলে তবেই আলোচনা হতে পারে।
বৈঠক সূত্রে জানা গেছে, উভয়ের দাবি মানা হলে এর পরেই নির্বাচন-কালীন সরকার ও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আলোচনা শুরু হতে পারে। আজ বুধবার এসব নিয়ে আবারও দুই দলের মধ্যে বৈঠক হবে বলে জানা গেছে।
সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য দুই দলকে আলোচনায় উৎসাহ জোগাতে তারানকো গত শুক্রবার ঢাকায় আসেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে গতকাল মঙ্গলবার রাতে তাঁর ফিরে যাওয়ার কথা ছিল নিউইয়র্কে। কিন্তু দুপুরে ঢাকায় জাতিসংঘ দপ্তরের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, বুধবারও কয়েকটি বৈঠক করতে চান জাতিসংঘের সফররত জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি মঙ্গলবারের পরিবর্তে ঢাকা ছাড়বেন বুধবার।
আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা এবং ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারানকো। তিনি জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতির ইতিবাচক অগ্রগতি হওয়ায় তাঁর বাংলাদেশে অবস্থানের সময় বেড়েছে।
তারানকো বলেন, ‘চলমান প্রেক্ষাপটে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে সাড়া দিয়ে দুই দলের প্রতিনিধিরা আলোচনায় বসেন। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সংলাপে বসার সিদ্ধান্ত নেওয়ায় আমি তাঁদের ধন্যবাদ জানাই। এর মধ্য দিয়ে রাজনৈতিক নেতাদের দায়িত্বশীলতা ও সাহসের প্রতিফলন হয়েছে। দুই পক্ষ সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতার বহিঃপ্রকাশের পাশাপাশি উত্তেজনা প্রশমন এবং একে অন্যের প্রতি আস্থা সৃষ্টির মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে।’
সন্ধ্যায় আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতাল, অবরোধ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, বাসে মানুষ পুড়িয়ে হত্যা, বোমাবাজি, জানমালের নিরাপত্তাহীনতা, হত্যা, নাশকতা বন্ধ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। এ ধরনের নৈরাজ্য বন্ধ না করলে আলোচনা কখনোই অর্থবহ হবে না।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করা হয়েছে।
গতকাল দুপুরে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকারের গুলশানের বাসায় বৈঠকটি হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও গওহর রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিনিধিদলে অন্য সদস্যরা হলেন খন্দকার মোশাররফ হোসেন, মইন খান ও শমসের মবিন চৌধুরী।
বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতারা সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে দলের অবস্থানের কথা জানান। তাঁরা সংবিধানের আওতায় সমঝোতার প্রস্তাব দেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই নির্বাচন হবে বলে তাঁরা জানান।
অন্যদিকে বিএনপির নেতারা সংসদ ভেঙে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলেন। তাঁরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করার কথাও বলেন। বৈঠকের পর আওয়ামী লীগের নেতারা গণভবনে যান। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে অবহিত করেন।
বৈঠকের স্থান নিয়ে লুকোচুরি: দুই দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা গতকাল সকালেই জানাজানি হলেও বৈঠকের স্থান ছিল অজানা। তাই বৈঠকস্থল নিয়ে বিভ্রান্তি ছিল। দুপুর ১২টার পর গুলশান-২-এ জাতিসংঘের একটি দপ্তরের দিকে তারানকোর গাড়িবহর যেতে দেখা গেলে মনে করা হয়েছিল যে বৈঠকটি সেখানেই হবে। পরে তারানকোর গাড়িবহরের কয়েকটি বারিধারা ৭ নম্বর সড়কের ২৮ নম্বর বাড়ি ‘ড্রিমস্টার ডুপলেক্স’-এ জাতিসংঘের এক কর্মকর্তার বাসায় যায়। গণমাধ্যমের কর্মীরা জড়ো হলে সেখানে উপস্থিত জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা ও কর্মীরা ধারণা দেন যে দুই দলের নেতাদের বৈঠকটি সেখানেই হচ্ছে। বেলা তিনটার দিকে তারানকোকে বহনকারী টয়োটা গাড়িটিকে ওই বাড়ি থেকে বেরিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। পরে জানা যায়, ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বাসায়।
সারা দিন দুই বৈঠক: কূটনীতিক সূত্রে জানা গেছে, দুই দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তারানকো ও তাঁর সফরসঙ্গীরা ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে ওয়েস্ট ইন হোটেলে বৈঠক করেন। সংক্ষিপ্ত ওই আলোচনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ ১৫টি দেশ ও জোটের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকায় জাতিসংঘ সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করবেন। এ ছাড়া রাতে ঢাকা ছাড়ার আগে তিনি ছয় দিনের তৎপরতা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। এদিকে অসমর্থিত সূত্রে জানা গেছে, আজ দিনের কোনো এক সময়ে তারানকোর উপস্থিতিতে দুই দলের নেতাদের আরেক দফা বৈঠক হতে পারে।
জাতিসংঘের মহাসচিবকে এরশাদের চিঠি: জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে এইচ এম এরশাদের লেখা একটি চিঠি গতকাল বেলা আড়াইটায় সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর কাছে পৌঁছান এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ।
চিঠিতে কী লেখা হয়েছে, জানতে চাইলে ববি হাজ্জাজ প্রথম আলোকে বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেছেন এরশাদ। তিনি মনে করেন, সংবিধানের মধ্যে থেকেই চলমান রাজনৈতিক সংকট সমাধান করে সবার অংশগ্রহণে নির্বাচন করা সম্ভব। সেটি কীভাবে সম্ভব, তার একটি ব্যাখ্যা ও প্রস্তাবনা জাতিসংঘের মহাসচিবের কাছে তিনি লিখেছেন।