আলোচনার পাশাপাশি প্রস্তুত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও
হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে কিছু পদক্ষেপ নেওয়ায় তাদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হবে বলে সরকার আশাবাদী। ৬ এপ্রিল লংমার্চ কর্মসূচি উপলক্ষে সরকার রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়ারও পক্ষে। তবে লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি-জামায়াত নাশকতা করতে পারে বলেও আশঙ্কা করছে সরকার। এ জন্য সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হচ্ছে।সরকার এরই মধ্যে তিনজন ব্লগারকে গ্রেপ্তার করেছে। গণজাগরণ মঞ্চও গুটিয়ে ফেলতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে পরামর্শ দেওয়া হয়েছে। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল যৌথ সংবাদ সম্মেলনে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।হেফাজতে ইসলামের লংমার্চসহ বিরোধী দলের আন্দোলনের কর্মসূচি নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বৈঠক করেছেন। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।একাধিক মন্ত্রী জানান, হেফাজতে ইসলামের পাশাপাশি কওমি মাদ্রাসাকেন্দ্রিক সব কটি দলের সঙ্গে সরকারের পক্ষ থেকে আলোচনা হচ্ছে। কয়েকজন ব্লগার গ্রেপ্তারসহ সরকারের নেওয়া পদক্ষেপ সাধারণ আলেম সমাজ ইতিবাচকভাবে নিয়েছে। ফলে শেষ পর্যন্ত লংমার্চ কর্মসূচিতে কওমি মাদ্রাসার সব দল অংশ নাও নিতে পারে।এদিকে ১৩ দফা দাবির সব কটি পূরণ না হলে লংমার্চ বহাল থাকবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম। এ ব্যাপারে জানতে চাইলে বনমন্ত্রী বলেন, হেফাজতের আমিরের সঙ্গে আলোচনার ৩৬ ঘণ্টার মধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ১৩ দফার সবকিছু এক দিনে মানা সম্ভব নয়। তা ছাড়া ১৩ দফার অনেক দাবি রাজনৈতিক, যা বিএনপি-জামায়াতেরও দাবি।