আলোচনার প্রস্তাব সরকারের সাজানো নাটক: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের আলোচনার প্রস্তাব সাজানো নাটক। সরকারকে বিদায় করতে বিএনপিকে এখন প্রস্তুতি নিতে হবে।গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে দলের এক সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি নেতা-কর্মীদের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ এবং হরতাল সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান। হরতালের পূর্বপ্রস্তুতি হিসেবে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।মির্জা ফখরুল বলেন, গুলি করে মানুষ হত্যার মাধ্যমে পঁচাত্তরের বাকশালী সরকারও ক্ষমতায় থাকতে পারেনি। যত নির্যাতনই করুক না কেন, এই সরকারের শেষ রক্ষা হবে না।এদিকে হরতালের সমর্থনে গতকাল রাজধানীর বিভিন্ন থানায় মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এর মধ্যে পুরান ঢাকার রথখোলা মোড় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল শুরু হয়ে বিসিসি রোডের বটতলার মোড়ে এসে শেষ হয়। মিছিলে কাজী আবুল বাশারসহ স্থানীয় নেতারা নেতৃত্ব দেন।স্থানীয় নেতা হারুন আর রশিদের নেতৃত্বে সূত্রাপুর থানা বিএনপি একটি মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে মিঠু নামে বিএনপির এক কর্মীকে আটক করা হয়।মুগদা থানা বিএনপির একটি মিছিল মানিকনগর পুকুরপাড় থেকে শুরু হয়ে বিশ্বরোডে এলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।ইলিয়াসকে গুমের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: বিএনপির নেতা এম ইলিয়াস আলীর গুমের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতীকী অবস্থান ধর্মঘটে মোশাররফ এ কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে এবং তাঁর সন্ধানের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ইলিয়াস আলীর গুম হওয়ার ১১ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু আজও সরকারের পক্ষ থেকে তাঁকে উদ্ধারের কোনো তৎপরতা চোখে পড়ছে না। এতে প্রমাণ হয়, সরকারের কেউ তাঁকে গুম করেছে। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে এই গুমের দায় নিতে হবে।’ তিনি অবিলম্বে ইলিয়াস আলীকে তাঁর পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।