আলোচনার ভিত্তি সংবিধান: মতিয়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিরোধী দলের সঙ্গে সংলাপের ভিত্তি হচ্ছে সংবিধান। আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘সংলাপের ব্যাপারে আমরা আশা ছাড়ছি না, আমরা দাওয়াত তুলেও নেইনি। ইতিবাচক রাজনীতির ক্ষেত্রে আমরা অধৈর্য হতে চাই না।’
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে ২৮ অক্টোবর দাওয়াত দিয়েছেন, কিন্তু পরের দিন আসার কথার বিষয়ে মতিয়া বলেন, ‘আমাদের নেত্রী তো আন্তরিকতা দেখিয়েছেন। ২৯ অক্টোবর আসতে দিন।’
নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ হতে হবে, বিরোধীদলীয় নেত্রীর এমন অবস্থানের বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, আমরা ওটাতেই আছি। সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকারেই আছি। এর ওপর ভিত্তি করে আমরা এগিয়ে যেতে চাই।’
হরতাল প্রসঙ্গে মতিয়া বলেন, তাঁদের আলটিমেটামের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন। তার পরও হরতাল অযৌক্তিক। তিনি সারা দেশে জ্বালাও-পোড়াও ও নাশকতার কঠোর সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।