আলোচনার মাধ্যমে অগ্রগতি হলে ব্যবস্থা নেবে ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘আমরা সমঝোতা চাই। আমরা চাই সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এ জন্য সমঝোতা হতে হবে। কিন্তু সমঝোতার ব্যাপারে এখনো কোনো অগ্রগতি নেই। গণতন্ত্রের ভাষা হলো আলোচনা। আলোচনার মাধ্যমে অগ্রগতি হলে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেব। সব পক্ষকে নিয়ে সমঝোতা হতে হবে।’
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচনে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, এরশাদের সিদ্ধান্ত রাজনৈতিক দলের বিষয়। এর সঙ্গে নির্বাচন কমিশন-সম্পর্কিত (কনসার্ন) নয়।
একদলীয় যে নির্বাচন হতে যাচ্ছে, এর জন্য ইসি না সরকার দায়ী—এমন প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।