বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন বলেছেন, সংঘাত-সংঘর্ষ থেকে উত্তরণের জন্য ঐকমত্যের ভিত্তিতে দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। গণতন্ত্র হলো আলোচনার মাধ্যমে গঠিত সরকার। বাংলাদেশে আমরা সবাই গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কে বৈধ আর কে অবৈধ, সে প্রশ্নে না গিয়ে সংবিধান ও জনগণের স্বার্থ দেখতে হবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে গতকাল সোমবার তিনি আদালতে এসব কথা বলেন।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি চলছে। ২০০৪ সালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ বলে রায় দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর চলতি বছরের ১ মার্চ থেকে শুনানি শুরু হয়। গতকাল তৃতীয় দিনের মতো শুনানি হয়।শুনানিতে কামাল হোসেন বলেন, আমাদের এখানে সবাই ১৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে। কেউ পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে না। ১৫ বছরের কথা অবশ্যই ভাবতে পারেন, তবে সেটা হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। জনগণের জন্য কাজ করতে হবে। সংবিধানের সাত অনুচ্ছেদ অনুযায়ী জনগণ সব ক্ষমতার মালিক। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কখন, কী প্রেক্ষাপটে এসেছে, তা স্মরণ রাখতে হবে। ১৯৯৬ সালে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি ছিল। তখন কী বিকল্প ছিল আমাদের সামনে? সে অবস্থায় আমরা বাঙালি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলাম। ষষ্ঠ সংসদকে অনেকেই অবৈধ বলে। তবু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমরা সেই সরকারকে মেনে নিয়েছিলাম।কামাল হোসেন আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা করতে হবে। কারণ বহুদলীয় গণতন্ত্র নিয়ে কোনো বিতর্ক নেই। আমরা সবাই এটা মেনে নিয়েছি। সর্বশেষ অবসর গ্রহণকারী প্রধান বিচারপতির প্রধান উপদেষ্টা হওয়ার বিধান শুভবুদ্ধির উদয়। কোনো দলকে বাঁচানো আদালতের দায়িত্ব নয়। জনস্বার্থ ও সংবিধান রক্ষা করাই আদালতের দায়িত্ব। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আপিলকারী পক্ষে আইনজীবী এম আই ফারুকী ও অপর অ্যামিকাস কিউরিরা উপস্থিত ছিলেন।১৯৯০ সালে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ষষ্ঠ সংসদে গৃহীত ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ৪ আগস্ট দেওয়া রায়ে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বৈধ ঘোষণা করেন।শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি ও ফিদা এম কামাল রয়েছেন।