প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীর মিয়ানমারে ফিরিয়ে নেওয়া উচিত।
তিনি গতকাল সোমবার নেপিডোতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে আলোচনায় এ অভিমত দেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানায়।
বিমসটেকের তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে প্রধানমন্ত্রী গতকাল দুপুরে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকের আগে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও সে দেশের পার্লামেন্টের স্পিকার থুরা শোয়ে মানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বিমসটেকের (বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরীয় উদ্যোগ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুই দিনের সফরে নেপিডো পৌঁছান।
মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নকে টেকসই করতে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। অন্যতম নিকট প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশ আরও জোরদার করতে আগ্রহী।
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আমন্ত্রণের জন্য মিয়ানমারের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে এ সফর করার ইচ্ছে প্রকাশ করেন।
আন্তদেশীয় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে বৈঠকে শেখ হাসিনা বলেন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পেলে এ অঞ্চলের দেশগুলোতে বাণিজ্য বাড়বে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে দেশগুলো।
থেইন সেইন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, তাঁর দেশ ভারত ও থাইল্যান্ডের সঙ্গে সড়ক সংযোগের ব্যবস্থা করছে। বাংলাদেশ চাইলে এতে যোগ দিতে পারে।
এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ, মিয়ানমার ও চীনের কুনমিংয়ের মধ্যে সড়কপথ চালু হলে তা বাণিজ্য বৃদ্ধিতে প্রভাব ফেলবে।
দুই নেতার বৈঠকের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা।