আলাপ-আলোচনার মাধ্যমে একটি ‘যৌক্তিক অবস্থানে’ পৌঁছাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শামসুজ্জামান বলেন, ‘যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন, আসুন, আলাপ-আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক অবস্থানে পৌঁছাই। অন্ধকার থেকে আলোর পথে আসি।’ শেখ হাসিনার অধীনে নির্বাচন দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী সিংহাসনে বসে বিরোধী দলকে প্রজার মতো দেখবেন; তিনি সিংহাসনে থাকবেন আর তাঁর বিরুদ্ধে নির্বাচনে লড়তে হবে, এটি গ্রহণযোগ্য নয়।’ বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাকে বুধবার আবার গ্রেপ্তার এবং গতকাল জামিনে বের হওয়ার পর কারাগারের ফটক থেকে সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান শামসুজ্জামান। তিনি অবিলম্বে বিএনপির গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি জানান।