পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। এ কথা বলেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টির (আইক্যাপ) সহসভাপতি আবদুল মতিন খসরু সম্প্রতি সু চির সঙ্গে দেখা করলে তিনি এ কথা বলেন।আইক্যাপের একটি প্রতিনিধিদল ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমার সফর করে। সংসদের বেসরকারি বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সু চি মিয়ানমারের রাখাইন প্রদেশের জাতিগত দাঙ্গার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় শান্তি রক্ষার জন্য বাংলাদেশ ও মিয়নমারের অরক্ষিত সীমান্তে অবাধে চলাচল বন্ধ করতে হবে এবং দুই দিক থেকে অনুপ্রবেশ বন্ধ করার জন্য টহল ও নিরাপত্তা জোরদার করতে হবে।সাক্ষাতে মতিন খসরু মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত দাঙ্গার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার নাগরিক হিসেবে গ্রহণ করে না। বর্তমানে তারা জাতিহীন গোষ্ঠীতে পরিণত হয়েছে। তিনি মিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব করেন।