আলোচনার মাধ্যমে'যৌক্তিক অবস্থানে' আসার আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাপ-আলোচনার মাধ্যমে  একটি ‘যৌক্তিক অবস্থানে’ পৌঁছাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শামসুজ্জামান বলেন, ‘যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন, আসুন, আলাপ-আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক অবস্থানে পৌঁছাই। অন্ধকার থেকে আলোর পথে আসি।’
প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী সিংহাসনে বসে বিরোধী দলকে প্রজার মতো দেখবেন; তিনি সিংহাসনে থাকবেন আর তাঁর বিরুদ্ধে নির্বাচনে লড়তে হবে, এটি গ্রহণযোগ্য নয়।’
তিনি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান বলেন, ‘আমরা যেটা ২৩ বছর আগে প্রতিষ্ঠা করেছি, পাকিস্তান আজ তা গ্রহণ করে বিশ্বের কাছে ব্যর্থ রাষ্ট্র থেকে স্বার্থক রাষ্ট্রে পরিণত হতে চলেছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহকে গ্রেপ্তার এবং জামিনের পর কারাগারের ফটক থেকে সালাউদ্দিন আহমেদকে আবার গ্রেপ্তারের প্রতিবাদ জানান শামসুজ্জামান। তিনি অবিলম্বে বিএনপির আটক নেতাদের মুক্তির দাবি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান বলেন, বনমন্ত্রী হাছান মাহমুদ রাজনীতিতে নতুন মুখ। প্রধানমন্ত্রী যদি তাঁর কথা শোনেন, ভুল করবেন।

হাছান মাহমুদের পরামর্শে কথা বলছেন প্রধানমন্ত্রী—তিনি এমন অভিযোগ করছেন কি না, জানতে চাইলে শামসুজ্জামান বলেন, হাছান মাহমুদ ছাড়া আর কেউ প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের কথা বলছেন না।