আলোচনার মূল প্রসঙ্গ রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজাতা সিং
সুজাতা সিং

ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং সাড়ে ২১ ঘণ্টার সফরে আজ বুধবার সকালে ঢাকায় আসছেন। প্রথমবারের মতো ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আলোচনার মূল প্রসঙ্গ হয়ে উঠবে রাজনীতি, বিশেষ করে আসন্ন নির্বাচন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুজাতা সিং সকাল সাড়ে ১০টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় আসবেন। এ সফরের সময় তিনি চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে থাকছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রীলঙ্কা মিয়ানমার (বিএসএম) বিভাগের যুগ্ম সচিব হর্ষ বর্ধন স্রিংলা, বাংলাদেশ মিয়ানমার (বিএম) বিভাগের নতুন যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন।

ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, কাল বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে রাজ্যসভায় সীমান্ত প্রটোকল বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনী বিল উত্থাপনে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে ভারত। আজ সন্ধ্যায় দুই পররাষ্ট্রসচিবের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে বাংলাদেশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনের বরাত দিয়ে প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি জানান, বাংলাদেশের আমন্ত্রণে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় যাচ্ছেন। সুজাতা সিংয়ের সফরের প্রাথমিক লক্ষ্য হলো নিকটতম প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা। এ সফরের সময় বিভিন্ন পর্যায়ের আলোচনায় দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান সহিংসতা নিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরবেন সুজাতা সিং। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। আর বাংলাদেশের অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগের, এ বিষয়টি তিনি তুলে ধরবেন। এ ছাড়া বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় ভারত। আর এ নির্বাচনের প্রক্রিয়া অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে, এমনটাও ভারত মনে করে। ঢাকায় এ বার্তা পৌঁছে দেবেন ভারতের পররাষ্ট্রসচিব।

জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গেও মতবিনিময় করবেন এবং চলমান রাজনৈতিক ঘটনাবলি ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তাঁদের মনোভাব জানা-বোঝার চেষ্টা করবেন।

সফরসূচি: সুজাতা সিং বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের বাসায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন। বিকেল চারটায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও পৌনে পাঁচটায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ছয়টায় রাজধানীর একটি হোটেলে কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সন্ধ্যা সাড়ে সাতটায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিক বৈঠক করবেন। কাল বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর।

সম্প্রতি এ অঞ্চলের দেশগুলোর নির্বাচনকালীন ভারতের বর্তমান পররাষ্ট্রসচিবের সফর দৃশ্যমান হয়েছে। নেপালের নির্বাচনের আগে গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর সুজাতা সিং কাঠমান্ডু সফর করেন। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত ১৬ ও ১৭ অক্টোবর মালে সফরে যান সুজাতা সিং। দক্ষিণ এশিয়ার এ দুটি দেশে নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।