আলোচনার সময় ফুরিয়ে যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি বাংলাদেশ সংলাপের ৪৫তম পর্বে গতকাল শনিবার আলোচকেরা বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সময় এখনো ফুরিয়ে যায়নি। ভবিষ্যৎ রাজনীতির অনিশ্চয়তা কাটাতে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছা দরকার বলে তাঁরা মত দিয়েছেন।
তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃতীয় শক্তি বা সেনা হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে একাধিক আলোচক বলেছেন, কেউই রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় না।
বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপের গতকালের পর্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচনের সময় কাছাকাছি চলে এসেছে। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা দুটি প্রস্তাব দিয়েছেন, কিন্তু এখনো এ নিয়ে কোনো আলোচনা হয়নি। ফলে ভবিষ্যৎ রাজনীতিতে একটা অনিশ্চয়তা রয়েছে। আশা করি, দেশ ও জাতির স্বার্থে আলোচনা হবে। সময় এখনো শেষ হয়ে যায়নি।’ তিনি দাবি করেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের শুরু হয়েছে সেদিন থেকে, যেদিন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশে তৃতীয় কোনো শক্তির হস্তক্ষেপের পথ তৈরি করছে কি না—এ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘আমি মনে করি, বর্তমান রাজনীতিতে তৃতীয়-চতুর্থ কোনো শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা নেই। আমি নিজে তৃতীয় শক্তির পক্ষে নেই। শর্ত ছাড়া আলোচনায় বসলে এখনো সমাধান সম্ভব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকলে এই অবস্থা থাকত না। একতরফা নির্বাচন হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনযোগ্য। এর আগে ১৫ বার সংশোধন করা হয়েছে।’
রাজনীতিতে সেনা হস্তক্ষেপ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা কখনোই আশা করি না, তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক। এতে দেশের প্রবৃদ্ধি কমে যায়।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান বলেন, চলমান রাজনৈতিক সংকট বাড়ার সঙ্গে সঙ্গে যে ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে, তা নিয়ন্ত্রণের ক্ষমতা বাংলাদেশের নেই। সংঘাত দীর্ঘমেয়াদি হয়ে যাবে। তিনি বলেন, ‘আমি মনে করি না, রাজনীতিতে তৃতীয় শক্তির হস্তক্ষেপ হবে, হওয়া উচিত নয়।’
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখনই সহিংস হয়ে গেছে।
কূটনৈতিক তৎপরতা: দেশের রাজনৈতিক সংকট সমাধানে বিদেশিদের উদ্যোগের সীমানা কতটুকু হওয়া উচিত—এ প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘দৌড়াদৌড়ি কিন্তু সব সময় হয়। বিদেশিরা চায় আমরা যেন সমাধানে আসতে পারি। এগুলোকে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলা যায় না।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে একমত। ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে আমরা বিদেশিদের অগ্রাহ্য করতে পারি না। ভারত তাদের স্বার্থে আমাদের নিয়ে চিন্তা করে। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র, চীন, ওয়ার্ল্ড ব্যাংক—প্রভৃতির স্বার্থ আছে। জাতিসংঘ তার সদস্য যেকোনো রাষ্ট্রের জন্য উদ্বেগ প্রকাশ করবে। সীমা এখনো লঙ্ঘন করা হয়নি।’
আ ন ম মুনিরুজ্জামান বলেন, ‘আমাদের সমস্য আমাদেরই সমাধান করতে হবে। যদি নিজেদের সমস্যা আমরা সমাধান করতে না পারি, বিদেশিরা চেষ্টা করবে। কিন্তু আমি এটা সমর্থন করি না।’
আয়শা খানম বলেন, ‘আমাদের সমস্যা আমরা মেটাতে পারিনি বলে বিদেশিরা সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে। আমরা জাতিসংঘের সদস্যরাষ্ট্র। আমরা দুই দশকেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারিনি, বরং সমাধানের জন্য তাদের কাছে দৌড়াচ্ছি।’