
আবারও এক দিনের সময় বেঁধে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট তিন দিনের হরতাল ডাকল। এ সম্পর্কে বিশিষ্টজনেরা বলছেন, বিরোধী দলের এই ‘আলটিমেটাম’ বা হরতাল ব্যতিক্রমী কোনো কর্মসূচি নয়। তবে এ কারণে দুদলের মধ্যে সমঝোতার যে সম্ভাবনা, তা বাধাগ্রস্ত হতে পারে।
বিশিষ্ট আইনজ্ঞ রফিক-উল হক হক প্রথম আলো ডটকমকে বলেছেন, আলোচনার প্রস্তুতি নিতে সময়ের প্রয়োজন। হরতাল ডাকার কারণে সমঝোতার পথে বাধা সৃষ্টি হলো। তিনি বলেন, ‘আপনি আলোচনার জন্য সময় দিলেন এক দিন, আর হরতাল ডাকলেন তিন দিনের। ব্যাপারটা খাবার দিয়ে খাওয়া শেষ হওয়ার আগে প্লেট কেড়ে নেওয়ার মতো। হরতাল দিলেন, বাসে আগুন দিলেন, গাড়ি পোড়ানো হলো। এটা হতে পারে না।’
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ২৭ তারিখ থেকে সরকার অবৈধ বলে যে বক্তব্য দিয়েছেন তা-ও নাকচ করে দিয়েছেন ব্যারিস্টার রফিক-উল হক। তিনি বলেছেন, ‘কোনোভাবেই সরকার অবৈধ হতে পারে না। সংবিধানের ৫৫, ৫৬, ৫৭ (৩) পড়লেই বিষয়টি পরিষ্কার হয়।’
উল্লেখ্য, খালেদা জিয়া এর আগে সরকারকে মোট চারবার সময় বেঁধে দেন। ২০১২ সালের ১২ মার্চ ঢাকার সমাবেশ থেকে প্রথম দফা ৯০ দিনের জন্য সময় বেঁধে দেন। ওই বছর ১১ জুন ঢাকায় অপর এক সমাবেশ থেকে দ্বিতীয়বার (আগস্টে অনুষ্ঠিত রোজার ঈদ পর্যন্ত) সময় দেন। এরপর ২০১৩ সালের ৪ মে শাপলা চত্বরের সমাবেশ থেকে ৬ মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় দেন। সর্বশেষ রাজশাহীতে ১৬ সেপ্টেম্বরের জনসভা থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। প্রতিবারই আলটিমেটামের পর বিএনপি হরতালের কর্মসূচি পালন করেছে।
রাজনৈতিক ভাষ্যকার মীজানূর রহমান শেলী এ প্রসঙ্গে বলেছেন, বিএনপির কাছে হরতাল ছাড়া এ মুহূর্তে অন্য কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতার আর কী-ই বা করার ছিল? বাংলাদেশে ক্ষমতাসীন দল কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেয় না। পুলিশ দিয়ে হয়রানি করায়। যে দলই সরকারে থাকুক, তাদের আচরণটা হয় এমনই। একে অন্যকে বিশ্বাস করে না। বিরোধী দলের ভূমিকার অবমূল্যায়ন করে।’ তাঁর ভাষায়, বিএনপি চেয়ারপারসনের আজকের বক্তব্যে নতুন কিছু নেই। এ ধরনের কর্মসূচিই প্রত্যাশিত ছিল।
মীজানূর রহমান শেলী মনে করেন, আলোচনার ব্যাপারে দুই বড় দলের কোনোটিই আসলে আন্তরিক নয়। তিনি বলেন, ‘অনেকে আশার ঝিলিক দেখেন। আমি দেখি না। বাংলাদেশে সংলাপের অভিজ্ঞতা কখনোই সুখকর হয়নি। তৃতীয় কোনো শক্তির হয়তো উত্থান হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেছেন, ‘বিএনপি আলোচনার ব্যাপারে আশাবাদী বলেই শর্তসাপেক্ষ হরতাল ডেকেছে। সরকার উদ্যোগ নিলেই আর হরতাল হবে না।’ এ পর্যন্ত বিএনপি সমস্যা সমাধানে যে যে পদক্ষেপ নিয়েছে তাতে তিনি দলটিকে ১০০ তে ১০০ দিতে চান। তাঁর মতে, বিএনপি সব সময় আলোচনার ব্যাপারে এক ধাপ এগিয়ে থেকেছে। খালেদা জিয়া নির্দলীয় সরকারের একটি রূপরেখা দিয়েছেন, বিএনপি ক্ষমতাসীন দলকে চিঠি দিয়েছে এবং শেষ পর্যন্ত শর্তসাপেক্ষ হরতাল ডেকেছে।