আলোচনা–সংগীতে ওস্তাদ শাহাদাত হোসেন খানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেস ক্লাবের দোতলার জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুক্রবার উপমহাদেশের খ্যাতিমান সরোদবাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানকে স্মরণ করা হয়
ছবি: সংগৃহীত

উপমহাদেশের খ্যাতিমান সরোদবাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের দোতলার জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক স্মরণসভা ও সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগীতজ্ঞ শাহাদাত হোসেন খান করোনায় আক্রান্ত হয়ে গত বছর ২৮ নভেম্বর পৃথিবী ছেড়ে যান।

ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শাহাদাত হোসেন খানের জীবন ও কর্মের ওপর একটি ডিজিটাল উপস্থাপনা পরিবেশিত হয়। স্মরণসভায় ওস্তাদজির বর্ণাঢ্য ও কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তি এবং তাঁর গুণমুগ্ধ সুধীজনেরা।

বক্তারা ওস্তাদ শাহাদাতের স্মৃতিচারণা করেন এবং সংগীতে তাঁর প্রতিভা ও অবদান তুলে ধরেন। আলোচকেরা ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। আলোচনায় অংশ নেন খ্যাতিমান সরোদশিল্পী ওস্তাদ আশীষ খান, নাট্যকার মামুনুর রশীদ, সুরকার শেখ সাদী খান, সংগীতশিল্পী নাশিদ কামাল ও সুজিত মোস্তফা; বিশিষ্ট তবলাশিল্পী ওস্তাদ ইউসুফ খান, কবি আলফ্রেড খোকন, সাংবাদিক কাজী রওনাক হোসেন, অধ্যাপক সি আর আবরার, মনিরুল ইসলাম, লুতফুল কবির প্রমুখ।

উপমহাদেশের খ্যাতিমান সরোদবাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খান
ছবি: সংগৃহীত

আলোচনা পর্বের পর ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশনের উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মসূচি ঘোষণা করেন ফাউন্ডেশনের আহ্বায়ক পূরবী খান। সংক্ষিপ্ত সংগীতানুষ্ঠানে ওস্তাদজির শিষ্যরা তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পরিবেশন করেন উচ্চাঙ্গ যন্ত্রসংগীতের অর্কেস্ট্রা। এই অর্কেস্ট্রায় অংশ নেন আফসানা খান, রোখসানা খান, পারভেজ রুবেল, জাকির হোসেন, সঞ্জীব মজুমদার ও মুরসালিন হিমু।