আলোচনায় গুরুত্ব পাবে নিরাপত্তা সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিসা কার্টিস
লিসা কার্টিস

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকেই বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিসের ঢাকা সফরেও বিষয়টি প্রাধান্য পাবে। দুই দিনের সফরে তিনি কাল রোববার ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে যোগদানকে কেন্দ্র করে লিসা কার্টিসের ঢাকা সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু বৈঠকে যোগ না দিয়ে তিনি আগের পরিকল্পনা অনুযায়ী রোববার ঢাকায় আসছেন।

সূত্র বলেছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ছয় মাস পর তাঁর প্রতিনিধি হিসেবে লিসা কার্টিস বাংলাদেশ সফরে দুই দেশের সম্পর্কের সব বিষয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অন্যতম জ্যেষ্ঠ পরিচালক হিসেবে তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেবেন বলে বাংলাদেশের কর্মকর্তাদের ধারণা। তাঁদের মতে, তাঁর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের ভাবনা কী, সেটা জানা যাবে।

খসড়া সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিসা কার্টিস। এ ছাড়া প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তিনি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

ডোনাল্ড ট্রাম্প মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পদে এখনো কাউকে নিয়োগ দেননি। ফলে গত এপ্রিলে নিয়োগ পাওয়ার পর থেকে দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ লিসা কার্টিস মার্কিন প্রেসিডেন্টকে এই অঞ্চল সম্পর্কে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন বলে ধারণা করা হয়। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী দপ্তরের অন্যতম শাখা জাতীয় নিরাপত্তা কাউন্সিল মূলত পররাষ্ট্রনীতি, গোয়েন্দা কর্মকাণ্ড ও জাতীয় নিরাপত্তার বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকে। এর আগে লিসা কার্টিস গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়ান স্টাডিজ সেন্টারে দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো হিসেবে কাজ করতেন। তাঁর গবেষণায় যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারত্ব, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের সন্ত্রাসবাদ বিরোধী নীতি এবং এই অঞ্চলে ধর্মীয় উগ্রপন্থা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।