আলোচনায় নারীর ক্ষমতায়ন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে গতকাল রোববার রাজশাহীতে আন্তপ্রজন্ম সংলাপ হয়েছে।আলোচনায় নারী নির্যাতন প্রতিরোধে করণীয়, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ এবং যৌতুক প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলা, পারিবারিক সম্পর্ক অটুট রাখাসহ নানা বিষয় উঠে আসে। নারী ও পুরুষের সমতা উন্নয়ন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলাবিষয়ক অধিদপ্তর এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল যৌথভাবে এ আয়োজন করে।রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল বেলা ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। মঞ্চে আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ নুরুল্লাহ, ফোকলোর বিভাগের শিক্ষক সুস্মিতা চক্রবর্তী ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মিজান উদ্দিন।অভিজ্ঞ দলে আলোচনা করেন মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সেতারা, সমাজসেবী শাহিন আক্তার, অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক কল্পনা সাহা, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম জারজিস কাদির, রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই কুমার সাহা প্রমুখ।নবীন দলে আলোচনা করেন নাফিজা জারজিস, সিফাত সারমিন, সোহেল আহম্মেদ, আশরাফুল আলম, ওলিউল হক প্রমুখ। মুখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। অনুষ্ঠানে মুখ্য আলোচক হাসান আজিজুল হক বলেন, ‘মন আর সান্ত্বনাবাণী শুনতে চায় না। আমার মনে হচ্ছে, আগামী বছরের এই সময়ে আমাকে আবারও এখানে আসতে হবে, এই আলোচনাগুলো করতে। আর যদি না আসতে হয়, তা হলেই খুশি লাগবে।’অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শাহারিয়ার বাপ্পী। শেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র উপস্থিত সবাইকে নারী নির্যাতন প্রতিরোধে শপথবাক্য পাঠ করান।