আলোচনায় প্রাধান্য পাবে যোগাযোগ উন্নয়নে সহায়তা, চট্টগ্রাম বন্দর ও বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সড়ক যোগাযোগের অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের সময় সড়ক, সেতু ও রেল যোগাযোগ উন্নয়নে দেশটির সহায়তা চাওয়া হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা ও চীনকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার মতো দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয়গুলো প্রাধান্য পাবে। সেই সঙ্গে দুই দেশের অসম বাণিজ্যবৈষম্য ঘোচানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সোমবার প্রথম আলোকে জানান, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মার্চ পাঁচ দিনের সফরে বেইজিং যাবেন। এ সময় তিনি সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট হু জিনতাওসহ সে দেশের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলবেন। ঢাকা ও বেইজিংয়ের কূটনীতিক সূত্রে জানা গেছে, দুই দেশের শীর্ষ বৈঠক সামনে রেখে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে একাধিক চুক্তি সইয়ের সম্ভাবনা আছে। ঋণ ও মঞ্জুরি আকারে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেবে চীন। জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ইয়াঙ্গুন হয়ে চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত সড়ক যোগাযোগ চালুর বিষয়টি উত্থাপন করা হবে। বর্তমান সরকার এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দ্রুত ত্রিদেশীয় সড়ক যোগাযোগটি চালু করতে চায়। এ ছাড়া বিভিন্ন ধরনের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চাওয়া হবে। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য কাজীরটেক সেতু, দ্বিতীয় মেঘনা সেতু, দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু, লেবুখালী সেতু, যমুনা নদীতে রেলসেতু, দোহাজারী থেকে গুনদুম পর্যন্ত রেললাইন স্থাপন, কর্ণফুলী নদীতে সুড়ঙ্গপথ নির্মাণ। এ ছাড়া একটি আন্তর্জাতিক মানের স্থায়ী প্রদর্শনী কেন্দ্রসহ অতীতে চীন যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়েছিল, সেগুলোতে আর্থিক সহায়তা চাওয়া হবে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতির বিষয়টি চীন এবারের শীর্ষ বৈঠকে তুলবে বলে জানা গেছে। সম্প্রতি বাংলাদেশ দেশের প্রধান বন্দরটিকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রেক্ষাপটে চীন এবার বন্দর ব্যবহারের বিষয়টিতে বাংলাদেশের সম্মতি চাইবে। কারণ, চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেলে চীন খুব সহজে ও কম দূরত্বে তার দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন ছাড়াও পণ্য নিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছতে পারবে।