চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন-ফি পুনর্নির্ধারণে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় কর্তৃপক্ষ। এ জন্য গতকাল শনিবার শিক্ষার্থীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কাল সোমবার প্রশাসনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়।জানা গেছে, বর্ধিত বেতন-ফি পুনর্নির্ধারণে গঠিত পর্যালোচনা কমিটি গত বৃহস্পতিবার দুপুরে সহ-উপাচার্যের কাছে প্রতিবেদন দিয়েছে। কমিটির কয়েকজন সদস্য জানান, প্রতিবেদনে বর্ধিত বেতন-ফি কমানোর সুপারিশ করা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করে কমিটি।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন জানান, ‘পর্যালোচনা কমিটির প্রতিবেদন পেয়েছি। এর ভিত্তিতে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে বেতন-ফি পুনর্নির্ধারণ করা হবে।’পর্যালোচনা কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসিম উদ্দিন জানান, বেতন-ফি কমানোসহ প্রতিবেদনে বিভিন্ন সুপারিশ রয়েছে। কাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আলোচনায় বসতে আন্দোলনরত শিক্ষার্থীদের চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বর্ধিত বেতন-ফির বিরোধী ছাত্রছাত্রীদের সমন্বয়ক তবারক হোসেন।