আলোচনায় বসতে ছাত্রদের প্রতি উপাচার্যের আহ্বান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনের জন্য ছাত্রদের আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন উপাচার্য মো. আবদুস সাত্তার। আজ সোমবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুস সাত্তার বলেন, কয়েকটি গোষ্ঠী ছাত্রদের ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টির জন্য তৎপর রয়েছে। তারা ছাত্রদের ভুল বুঝিয়ে আলোচনার টেবিলে আসতে দিচ্ছে না। অথচ আলোচনা ছাড়া চলমান সংকট নিরসনের কোনো পথ খোলা নেই।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক, যিনি বর্তমানে বান্দরবান জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তিনি ফেসবুকে একটি পেজ খুলে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে ছাত্রদের উসকানি দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। এ বিষয়ে তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্রাবাস খুলে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি বিস্তারের জন্য একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাঁচজন ছাত্র ও একজন কর্মচারীকে বহিষ্কারের সুপারিশ গ্রহণ করা হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা নোটিশের জবাব না দিয়ে ক্লাস–পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের বারবার আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা সে আহ্বানে সাড়া দেয়নি। সংকট নিরসনের জন্য আগামী বুধবার রিজেন্ট বোর্ডের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন, রেজিস্ট্রার আহসান হাবিব, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনিবুর রহমান, মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ। বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের গ্রীষ্মকালীন ছুটি চলছে। ১১ মে ছুটি শেষ হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তাকর্মী বদিউজ্জামান বাদলকে কয়েকজন ছাত্র মারধর করেন। পরে বাদল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ছাত্রদের ওপর হামলা করেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। শিক্ষার্থীরা বাদলের শাস্তির দাবিতে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের মুখে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ওই ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উচ্চক্ষমতাসম্পন্ন রিজেন্ট বোর্ডের সভায় পাঁচজন ছাত্র ও একজন কর্মচারীকে বহিষ্কারের সুপারিশ করে প্রতিবেদন দেয়। বোর্ড ওই সুপারিশ গ্রহণ করে ছয়জনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা আবার আন্দোলনে যান।