আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ জানিয়েছে বিকল্প ধারা বাংলাদেশ। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ রাতে খালেদা জিয়ার সঙ্গে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মধ্যে এক বৈঠক হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান, বিকল্প ধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন। রাত সোয়া নয়টার দিকে শুরু হয়ে প্রায় সোয়া এক ঘণ্টা এ বৈঠক চলে।
বৈঠক শেষে বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, তাঁরা মনে করেন আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। তাঁরা খালেদা জিয়াকে অনুরোধ করেছেন আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য। এ প্রস্তাবের বিষয়ে খালেদা জিয়া কি বলেছেন?—তা জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়া সংলাপের প্রস্তাব দেবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হছে। নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে দুই দলই একমত হয়েছে। জাতীয় ঐক্য গড়ে তুলতে ভবিষ্যতে এ দুই দল এক সঙ্গে কাজ করবে।
সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি রাজবাড়ীর জনসভায় খালেদা জিয়া সরকারকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।
বিকল্প ধারা বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটে যোগ দেবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল মান্নান বলেন, ‘জোটে যোগদানের প্রশ্ন নেই। আমরা ভিন্ন দল আমাদের একটা জোট আছে।’