আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাতে খালেদা জিয়ার সঙ্গে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বৈঠক হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন। রাত সোয়া নয়টার দিকে শুরু হয়ে সোয়া এক ঘণ্টা এ বৈঠক চলে।
বৈঠক শেষে আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, তাঁরা মনে করেন, আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। তাঁরা খালেদা জিয়াকে অনুরোধ করেছেন আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য। এ প্রস্তাবের বিষয়ে খালেদা জিয়া কী বলেছেন—জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়া সংলাপের প্রস্তাব দেবেন।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে দুই দলই একমত হয়েছে। জাতীয় ঐক্য গড়ে তুলতে ভবিষ্যতে দুই দল একসঙ্গে কাজ করবে। সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি রাজবাড়ীর জনসভায় খালেদা জিয়া সরকারকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।
বিকল্পধারা ১৯-দলীয় জোটে যোগ দেবে কি না—এ প্রশ্নের জবাবে আবদুল মান্নান বলেন, ‘জোটে যোগদানের প্রশ্ন নেই। আমরা ভিন্ন দল। আমাদের একটা জোট আছে।’