আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সহিংসতার পথ ছেড়ে এলে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যে কারও সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। ঢাকায় আজ থেকে অনুষ্ঠেয় জনসংখ্যা বৈচিত্র্যবিষয়ক বিশ্ব নেতাদের দুই দিনের বৈঠক উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের সংলাপে বসার বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘যারা আইন ভঙ্গ করে, মানুষ হত্যা করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। যারা শান্তিপূর্ণ সমাধান চায়, তাদের সঙ্গেই আলোচনা হতে পারে। যদি কেউ সংঘাতের পথ ছেড়ে আসে, তাদের সঙ্গে আলোচনায় বসার সুযোগ রয়েছে। বিরোধী দলের সঙ্গে সংলাপের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের সঙ্গে আলোচনার দুয়ার সব সময় খোলা রয়েছে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্নমত থাকবে। জনগণের স্বার্থেই সরকার ও বিরোধী দল আলোচনায় বসবে। এ আলোচনা সংসদে কিংবা সংসদের বাইরেও হতে পারে।