আলোচনায় বসে সমাধান করুন, অর্থনীতি বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী চলমান সহিংস রাজনৈতিক কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ছয় ব্যবসায়ী সংগঠন। এসব কর্মসূচিকে দেশের উন্নয়ন সম্ভাবনার জন্য হুমকি হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা।গতকাল সোমবার দেশের ছয়টি ব্যবসায়ী সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান। বিবৃতিতে ব্যবসায়ী নেতারা সংঘাতমূলক রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তাঁদের মতে, এটাই দেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। বিবৃতিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এমন সংঘাতপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।যৌথ বিবৃতিতে সই করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সহসভাপতি নিহাদ কবির, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি মো. ফজলুল হক এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদ।বিবৃতিতে ব্যবসায়ী নেতারা বলেন, ‘হরতাল ও অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে। অতীতেও লাগাতার হরতালে দেশের অর্থনীতি স্থবির হয়ে গিয়েছিল। হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি দেশের অর্থনীতিকে শ্লথ করে দেয়। এতে যেসব দেশে অপেক্ষাকৃত স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজমান, সেসব দেশে আমাদের রপ্তানি বাজার চলে যাবে। তাই যেকোনো মূল্যে এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতেই হবে।’বিবৃতিতে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এই ছয় সংগঠনের নেতারা বলেছেন, বিরাজমান অস্থিরতার কারণে এ দেশের তৈরি পোশাকের উত্তর আমেরিকার ক্রেতারা তাদের কার্যাদেশগুলো (অর্ডার) অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে। এ ছাড়া একদল ভোক্তাশ্রেণীও বাংলাদেশি পণ্য বর্জন করছে।