আলোচনায় বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ দক্ষিণ এশিয়া পয়োনিষ্কাশন সম্মেলন। ‘ভালো পয়োব্যবস্থা, ভালো জীবন’—এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার আটটি দেশের ৫ শ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে আজ রোববার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্যানিটেশন সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি খায়রুল ইসলাম। এতে দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি থাকলেও পাকিস্তানের কেউ ছিলেন না।
দক্ষিণ এশিয়ার পয়োনিষ্কাশন নিয়ে সংবাদ সম্মেলনটি হলেও গণমাধ্যমকর্মীদের অধিকাংশের প্রশ্ন ছিল সম্মেলনে পাকিস্তান থেকে কোনো প্রতিনিধি না আসার বিষয়টি ঘিরে।
পাকিস্তান থেকে কোনো প্রতিনিধি দল না আসা প্রসঙ্গে জানতে চাইলে খায়রুল ইসলাম বলেন, শুরুতে পাকিস্তানের ৬০ সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও পরে তারা ৪৪ জনের জন্য বাংলাদেশ দূতাবাসে ভিসা চায়। কিন্তু ওই ভিসা চাওয়ার পর কর্মদিবস ছিল মাত্র একদিন। ফলে কারিগরি কারণে তাদের ভিসা হয়নি।
এক সাংবাদিক জানতে চান, পাকিস্তানের প্রতিনিধি দল না আসায় সম্মেলনের সফলতা এবং যৌথ ঘোষণার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? এ ছাড়া পরবর্তী সম্মেলন পাকিস্তানে হবে, সেখানে বাংলাদেশের অংশ নেওয়া নিয়ে কোনো সমস্যা হতে পারে কি না? এই প্রশ্নের জবাবে খায়রুল ইসলাম বলেন, সম্মেলনে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ও দুজন কর্মকর্তা থাকবেন। আগামীকাল তারা উদ্বোধনী অনুষ্ঠান এবং বিভিন্ন সেশনে বক্তব্য দেবেন।
পাকিস্তানের প্রতিনিধি দল ভিসা না পাওয়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রকাশ কি না—সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে খায়রুল হক বলেন, ‘না’।
নেপালের একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক জগদীশ খারেল ভারতীয় ও নেপালি প্রতিনিধি দলের উদ্দেশে প্রশ্ন করেন, নেপাল সীমান্ত ভারত অবরোধ করে রেখেছে। এই পরিস্থিতিতে নেপালের পক্ষে স্যানিটেশনের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব কি না। দুই দেশ এ নিয়ে সম্মেলনে দ্বিপক্ষীয় আলোচনা করবে কি না? এর উত্তরে ভারতের পানি ও পয়োনিষ্কাশন মন্ত্রণালয়ের ডেপুটি পরামর্শক জি বালাসুব্রামানিয়াম বলেন, ভারত অনেক বড় দেশ। এখানকার অনেক রাজ্য নেপাল বা মালদ্বীপের চেয়েও বড়। নেপালের সীমান্ত অবরোধের বিষয়টি রাজ্যভিত্তিক সমস্যা। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নেই।
আফগানিস্তানের রুরাল রিহেবিলাইটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক গোলাম কাদের, ভুটানের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান নির্বাহী রিনচেন ওয়াংদি, মালদ্বীপের পরিবেশ ও জ্বালানি শক্তি বিভাগের পরিচালক মোহাম্মদ মোস্তফা, নেপালের পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজন রাজ পান্ডে ও শ্রীলঙ্কার জাতীয় পানি সরবরাহ ও নিষ্কাশন বোর্ডের মহাব্যবস্থাপক বি ডব্লিউ রনজিথ বালসুরিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সম্মেলন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আজ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পয়োনিষ্কাশন ব্যবস্থার সফলতা নিয়ে এক উন্মুক্ত আলোচনা পর্বের আয়োজন করে কমিউনিটি ল্যাড টোটাল স্যানিটেশন (সিএলটিএস) ও দি ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কোলাবরেশন কাউন্সিল (ডব্লিউএসএসসিসি)। এতে স্যানিটেশন নিয়ে কাজ করা বিভিন্ন উন্নয়ন সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।