দেশের জনসংখ্যা সমস্যা যে পর্যায়ে পৌঁছেছে তাতে আলোচনার বিষয় সংখ্যা হতে পারে না। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার এখন উচিত জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি জোরদার ও জনসংখ্যাকে সম্পদে পরিণত করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জনসংখ্যাকেন্দ্রিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সিম্পোজিয়ামে দেশের শীর্ষ জনসংখ্যাবিদেরা এ কথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ গতকাল বৃহস্পতিবার এই সিম্পোজিয়ামের আয়োজন করে। বিভাগের প্রকল্প পরিচালক ও শিক্ষক এ কে নূরুননবী বলেন, দেশে মানুষের সংখ্যা ১৫ না ১৬ কোটি, বর্তমান প্রেক্ষাপটে সেটি বড় বিষয় নয়। দেশের শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, উন্নয়ন, অভিবাসন, নগরায়ণের ওপর বর্তমান জনসংখ্যার যে প্রভাব, তার অন্তর্নিহিত তাৎপর্য অনেক বেশি। তিনি বলেন, জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে না পারলে পরিণতি কী হবে, তা ভেবে দেখা দরকার।যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা পপুলেশন কাউন্সিলের দেশীয় পরিচালক ওবায়দুর রব বলেন, জনসংখ্যা কর্মসূচির সীমাবদ্ধতা এবং সমস্যা সমাধানের বিচ্ছিন্ন উদ্যোগের কথা অনেকেরই জানা। কিন্তু দেশব্যাপী লক্ষ্যভিত্তিক পদক্ষেপ (টার্গেটেড ইন্টারভেনশন) নেওয়া হচ্ছে না।বেসরকারি প্রতিষ্ঠান এনজেন্ডারহেলথের দেশীয় প্রতিনিধি আবু জামিল ফয়সাল বলেন, গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় জনসংখ্যা পরিষদের সভায় জনসংখ্যা সমস্যা সমাধানে একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতার ওপর জোর দেওয়া হয়। তিনি প্রজননসংশ্লিষ্ট বিষয় এবং নারী ও নবজাতক মৃত্যুর বিষয়গুলো একসঙ্গে দেখার প্রস্তাব করেন।জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক পরিচালক (গবেষণা) আহমেদ আল-সাবির বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার ছেড়ে দেওয়ার অন্যতম কারণ স্বাস্থ্যের ওপর এসব পদ্ধতির বিরূপ প্রভাব। তাই জাতীয় কর্মসূচিতে পদ্ধতি ব্যবহারে স্বাস্থ্যগত জটিলতা ব্যবস্থাপনার বিষয়ের ওপর জোর দিতে হবে।দিনব্যাপী এই সিম্পোজিয়ামে মোট আটটি কারিগরি প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান মেহেদী হাসান খান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এ দেশের জনসংখ্যা সমস্যাকে আরও প্রকট করবে।দেশের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর ওপর বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক এম কবির। তিনি বলেন, ২০২০ সালে যে ১০টি দেশে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা বেশি থাকবে, তার মধ্যে বাংলাদেশ আছে। বিপুলসংখ্যক প্রবীণের স্বাস্থ্যসেবা ও পারিবারিক সেবা ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জ।আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) শিশু স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানী শামস এল আরেফিন বলেন, দেশে যত নবজাতকের মৃত্যু হয় তার ৫০ শতাংশ ঘটে জন্মের প্রথম তিন দিনের মধ্যে এবং ৭০ শতাংশ এক সপ্তাহের মধ্যে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দীন আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক এ কিউ এম মাহবুব, সাবেক স্বাস্থ্যসচিব জাফর উল্লাহ খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আহমেদ নিয়াজ এবং ইউএনএফপিএর প্রতিনিধি নূর মোহাম্মদ।