আলোচিত দুই নিখোঁজের খোঁজ নেই ছয় বছরেও!
চট্টগ্রামে ব্যবসায়ী লায়ন মোজাফফর আহমদ ও চিকিৎসক নুসরাত আলমের খোঁজ মিলেনি ছয় বছরেও। তাঁদের উদ্ধার বা অপহরণের ক্লু উদ্ঘাটন করতে না পেরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় তদন্তকারী সংস্থা সিআইডি।
চট্টগ্রামে অপহরণের এক বছর পর ফটিকছড়ির কাঞ্চনগরের পাহাড় থেকে কঙ্কাল উদ্ধার হওয়া ব্যবসায়ী জামাল উদ্দিনের মতো তাঁদেরও একই পরিণতি হবে কি না, এ প্রশ্ন দেখা দিয়েছে পরিবারের কাছে।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মো. মুসলিম প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ী মোজাফফর ও চিকিৎসক নুসরাত অপহরণের কোনো ক্লু উদ্ঘাটন করা যায়নি। দুই মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কোনো তথ্য পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী লায়ন মোজাফফর আহমদ (৬৫) রাতে বাসা থেকে বের হয়ে আগ্রাবাদ ভ্যাট ক্লাবে যান। ক্লাব থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি। ঘটনার পরদিন তাঁর স্ত্রী জাহানারা বেগম ডবলমুরিং থানায় জিডি করেন। এরপর কোনো খোঁজ না পেয়ে একই বছরের ১৪ সেপ্টেম্বর অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। কয়েক দফা রিমান্ডে এনেও তাঁদের কাছ থেকে কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ। এ অবস্থায় মামলাটি নিয়ে হতাশ হয়ে পড়ে পুলিশ। এরপর মামলাটি তদন্তের জন্য ২০০৮ সালে সিআইডিতে হস্তান্তর করা হয়।
গত ছয় বছরে সিআইডি কোনো ক্লু বের করতে পারেনি। পরে গত মাসে তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক সিরাজুল ইসলাম চৌধুরী চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ী মোজাফফর বাসায় ফেরেননি সত্য। তবে কোনো ক্লু উদ্ঘাটন করা যায়নি। পরবর্তী সময়ে কোনো ক্লু পাওয়া গেলে মামলা পুনরুজ্জীবিত করা হবে।’
মোজাফফরের স্ত্রী জাহানারা বেগম বলেন, ‘ছয় বছর হলেও জানি না তিনি (স্বামী) জীবিত না মৃত। তাঁর পরিণতি কি জামাল উদ্দিনের মতো হবে?’
একইভাবে দীর্ঘ ছয় বছরেও চিকিৎসক নুসরাত আলম অপহরণ রহস্যের কোনো কূল-কিনারা হয়নি। চিকিৎসক নুসরাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিজিটি কোর্স করছিলেন। প্রতিদিনের মতো ২০০৭ সালের ৮ সেপ্টেম্বর সকালে বাসা থেকে হাসপাতালে ডিউটিতে আসেন। ডিউটি শেষ করে নুসরাত একটি রিকশা নিয়ে লালখান বাজারের বাসার উদ্দেশে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পরে পুলিশ এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। নারাজি দিলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। গত মাসে এই মামলায় সিআইডির পরিদর্শক কাজল বড়ুয়া আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।
চিকিৎসক নুসরাতের বাবা নুরুল আলম ভূঁইয়া বলেন, ‘জলজ্যান্ত একটি মানুষ নিখোঁজ হলেও পুলিশ ছয় বছরেও কিছুই করতে পারেনি। কোনো ক্লু না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়। একবার নারাজি দিয়েছি। আর কত দেব।’