আলোচিত নয় বলে থেমে গেছে পুলিশি তৎপরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ৩১ অক্টোবর মিরপুর ক্যান্টনমেন্টের বাসা থেকে স্কুলছাত্র সামিন ইয়াসার শাওনের (১৪) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় এক বছর পরও প্রধান আসামি আসিফ আহমেদকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।গত ৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা যান গার্মেন্টস কর্মকর্তা মাহমুদুল হাসান (৪৮)। গ্রেপ্তার দূরের কথা, এ ঘটনায় কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, তাদের স্বজনের হত্যাকাণ্ডের ঘটনা আলোচিত হয়নি বলে পুলিশের কোনো তৎপরতাও নেই।ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আইনের ধারায় চাঞ্চল্যকর বা গুরুত্বপূর্ণ বলে কিছু নেই। পুলিশ সবার ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে তদন্ত করে।তবে ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তা এ অভিযোগ স্বীকার করে বলেন, পুলিশের জনবলের তুলনায় মামলার সংখ্যা অনেক বেশি। এ কারণে আলোচিত মামলাগুলোকেই অগ্রাধিকার দেওয়া হয়।চলতি বছরের ১৭ এপ্রিল গুলশানে ফাহিমা সুলতানা নামের এক ধনাঢ্য ব্যবসায়ীর স্ত্রী খুন হন। খুনে জড়িত থাকার অভিযোগে র‌্যাব পরদিনই কামরাঙ্গীরচর এলাকা থেকে তাঁর ব্যক্তিগত গাড়িচালক মিন্টুকে গ্রেপ্তার করে। গত বছরের ৯ জানুয়ারি পল্লবীতে সরকারদলীয় সাংসদ শাহীদা তারেখ দীপ্তির বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এর তিন দিন পর খিলগাঁওয়ে আওয়ামী লীগের নেতা আলী নেওয়াজের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এক মাসের মধ্যেই পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে। তবে চলতি বছরের ২২ এপ্রিল খিলগাঁওয়ের সি ব্লকের এক বাসায় দুর্বৃত্তরা মালামাল লুটের পর আট মাসের শিশু মোবাশ্বিরা আলম মায়িশাকেও অপহরণ করে। পরদিন অপহরণকারীরা শিশুটিকে ফিরিয়েও দেয়। তবে এখন পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সম্প্রতি চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত ও আওয়ামী লীগের নেতা আব্দুল জলিলের সাবেক এপিএস জিয়াউল ইসলাম হত্যার ঘটনায় পুলিশের যে ধরনের তৎপরতা দেখা গেছে, সাধারণ ব্যক্তি খুনের ঘটনায় তেমনটা দেখা যায়নি।নিহত স্কুলছাত্র শাওনের বাবা ফরিদ আহমেদ বলেন, ‘আমি বা আমার ছেলে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে পুলিশ-সাংবাদিক সবাই খোঁজ নিত।’মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান বলেন, রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে ক্ষমতাশীল ব্যক্তিদের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উদ্যোগ দেখা যায়, তা সাধারণ মানুষের বেলায় থাকে না।সংবাদপত্রে প্রকাশিত সংবাদ অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৮টি খুনের ঘটনা ঘটেছে। একটি ঘটনার তদন্তেও তেমন কোনো অগ্রগতি নেই। গণমাধ্যমেও নেই তেমন মাতামাতি। কারণ, খুনের শিকার ব্যক্তিদের কেউই বিশেষ কোনো ব্যক্তি নন। গত ২ জুলাই পল্লবীতে বাসায় ঢুকে সন্ত্রাসীরা লিটন হোসেন (২২) নামের এক নির্মাণশ্রমিককে গুলি করে হত্যা করে। ১০ জুলাই রাতে সায়েদাবাদের একটি আবাসিক হোটেলে খুন হন আবদুল মান্নান নামের এক পরিবহনশ্রমিক। ২৩ জুলাই মহাখালীতে বাসা থেকে ডেকে নিয়ে মো. আলাল নামের এক বৈদ্যুতিক মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। গত ১৪ আগস্ট মিরপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন শাহজাহান ভূঁইয়া নামের এক ব্যবসায়ী। গণমাধ্যমেও এসব খবর নিয়ে তৎপরতা কম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সমাজে প্রভাব বিস্তারকারী মানুষের ক্ষেত্রে কিছু ঘটলে কাটতির বিবেচনায় গণমাধ্যমে তা গুরুত্বসহকারে প্রকাশ পায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুলিশের তৎপরতা সাধারণত গণমাধ্যম, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আদালতের নির্দেশের ওপর নির্ভরশীল। দেখা যায়, গণমাধ্যমে কোনো বিষয় নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশিত হলে, গুরুত্বপূর্ণ ব্যক্তি খুন বা আদালত কোনো বিষয়ে নির্দেশ দিলে পুলিশের তৎপরতা শুরু হয়। ক্ষমতাশীল ও ক্ষমতাহীনভেদে তৎপরতার হেরফের সমাজে মারাত্মক বৈষম্য সৃষ্টি করে।