আলোচিত শিশু সনুর ডিএনএ পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লির আলোচিত শিশু সনুর ডিএনএ পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার দুপুরে রক্ত সংগ্রহ করা হয়েছে।

ভারতীয় দূতাবাসের তিনজন কর্মকর্তা রমাকান্ত গুপ্ত, চিত্তরঞ্জন বহেরা ও ভেব প্রকাশ গ্রোডার এ জন্য যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে যান। তাঁদের উপস্থিতিতে সনুর রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মো. শাহবুদ্দিন প্রথম আলোকে বলেন, নিরাপত্তা হেফাজতে থাকা নয়াদিল্লির শিশু সনুর রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর সেগুলো নিয়ে তার মা-বাবার রক্তের সঙ্গে মেলানো হবে। পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশের বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে। সবকিছু মিলে গেলে আদালতের রায়ের ভিত্তিতে সনুকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হবে।

মো. শাহবুদ্দিন আরও বলেন, ছয় মাস আগে বরগুনার একটি আদালতের মাধ্যমে সনুকে নিরাপত্তা হেফাজতের জন্য যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এখানে যাওয়ার পর সনুর পরিবারের খোঁজ করা শুরু হয়। পরে জানা যায়, তার মা-বাবা নয়াদিল্লিতে থাকেন। দূতাবাসের মাধ্যমে নয়াদিল্লিতে সনুর মা-বাবাকে পাওয়া যায়।

২০১০ সালে নয়াদিল্লি থেকে নিখোঁজ হয় সনু নামে এই শিশু।