আলোচিত-সমালোচিত সংসদের যাত্রা আজ

৫ জানুয়ারির ‘বিতর্কিত’ নির্বাচনের মাধ্যমে গঠিত দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ। সন্ধ্যা ছয়টায় নবম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক বসবে।
এই সংসদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দুটি। এক, ৩০০ আসনের সংসদে ১৫৩ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থাৎ অর্ধেকের বেশি সাংসদকে ভোটারের কাছে যেতেই হয়নি। দুই, এই সংসদে কার্যত কোনো বিরোধী দল নেই। এরশাদের জাতীয় পার্টিকে অনেকটা জোর করেই নির্বাচনে সম্পৃক্ত করা হয়েছে। ৩৪ আসন পেয়ে তাঁরা এত বেশি খুশি যে বিরোধী দলে থাকতেই চান না। সবাই মন্ত্রিত্ব চান। প্রাথমিকভাবে মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে তিনজনের। আর মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন এইচ এম এরশাদ।
বিরোধীদলীয় নেতা হয়েছেন রওশন এরশাদ। কিন্তু এখন পর্যন্ত সেটা কাগজের মধ্যে সীমাবদ্ধ। বিরোধীদলীয় নেতা হিসেবে তাঁর যে তেমন ভূমিকা থাকবে না, তার প্রমাণ গত কয়েক দিনে তিনি দিয়েছেন। কারণ, বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ার ১৮ দিন পার হলেও কোনো জাতীয় বা দলীয় ইস্যুতে তিনি বিবৃতি পর্যন্ত দেননি। সরকারের বিরুদ্ধে যায়, এমন কথাও বলেননি। আজ প্রথম দিন কীভাবে তাঁর নীরবতা ভাঙে, সেটাই দেখার বিষয়।
গত সংসদের প্রধান বিরোধী দল বিএনপি দশম সংসদে নেই। ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হওয়ার পর এটাই প্রথম সংসদ, যেখানে বিএনপি নেই। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করায় বিএনপি এবার নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় মারা গেছেন ১৪৬ জন। দেশে অতীতে কোনো নির্বাচনে এত বেশি মানুষের প্রাণহানি ঘটেনি।
এই সংসদ বিরোধী দলহীন কি না, জানতে চাইলে সংসদবিষয়ক গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, যেভাবে সরকার গঠিত হয়েছে, তাতে বলা যায় বর্তমান সংসদে কোনো বিরোধী দল নেই। সংসদের প্রধান কাজ সরকারের কাছ থেকে জবাবদিহি আদায় করা। কিন্তু বিরোধী দল না থাকায় এই সংসদে জবাবদিহির কোনো সুযোগ থাকছে না, যে কারণে সুশাসন প্রতিষ্ঠায় সংসদ কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে না।
সংসদ সচিবালয়ের তথ্য বলছে, ১৯৭৩ সালের প্রথম সংসদ এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে কোনো বিরোধী দল ছিল না। ’৯৬-এর নির্বাচনে বিএনপি ২৭৮টি আসন পেয়েছিল। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছিলেন ১০টিতে এবং ন্যাশন্যাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছিল একটি আসন। বাকি ১১টি আসনের ফলাফল গেজেটে প্রকাশ করা হয়নি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বেশির ভাগ দলই ওই নির্বাচন বর্জন করেছিল। চার বৈঠকের এ সংসদ স্থায়ী হয়েছিল ১২ কার্যদিবস বা দেড় মাস।
এবারের সংসদের সঙ্গে মিল পাওয়া যায় ১৯৮৮-এর চতুর্থ সংসদের। তখন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশির ভাগ দল নির্বাচন বর্জন করেছিল। আ স ম রবের জাসদের নেতৃত্বে গঠিত হয়েছিল সম্মিলিত বিরোধী দল। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ফ্রিডম পার্টি ও জাসদ (শাজাহান সিরাজ) ওই নির্বাচনে অংশ নেয়। সব মিলিয়ে বিরোধী দল পেয়েছিল ৪৭টি আসন। বাকি ২৫৩ আসন পায় এরশাদের জাতীয় পার্টি।
তখন আ স ম রবকে বলা হতো ‘গৃহপালিত বিরোধীদলীয় নেতা’। ১৯৮৮ সালের ১৫ এপ্রিল যাত্রা শুরু করে ওই সংসদ স্থায়ী হয়েছিল দুই বছর সাত মাস। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দুর্বার আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পতন হয় স্বৈরশাসক এরশাদের। ২৫ বছর পর জাতীয় সংসদ পেল আরেকজন ‘গৃহপালিত বিরোধীদলীয় নেতা’।
দশম সংসদে ২৯৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৩১টি। এ ছাড়া জাতীয় পার্টি ৩৪, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জাতীয় পার্টি জেপি ২, তরীকত ফেডারেশন ২, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৬টি আসন পেয়েছে। ২৪ জানুয়ারি টাঙ্গাইল-৮ আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে একটি আসন শূন্য হয়েছে। আর যশোর-১ ও ২ আসনের ফল এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি। কারণ, বেসরকারিভাবে নির্বাচিত দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি।
স্পিকার নির্বাচন: আজ অধিবেশনের শুরুতে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুসারে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এরপর কিছুক্ষণের বিরতি, তখন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হবে। নিয়ম অনুসরণ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।