আলোচিত সেই মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে পঞ্চায়েতের বিরোধের জেরে অপহরণ করে চার শিশু হত্যার পর বালুচাপা দেওয়ার আলোচিত ঘটনার মামলার রায় আজ বুধবার ঘোষণা হবে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার যুক্তিতর্ক শেষে সর্বশেষ পর্যালোচনার পর গতকাল মঙ্গলবার বিচারক মকবুল আহসান রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে গত বছরের ৭ সেপ্টেম্বর আলোচিত এ মামলার বিচারকাজ শুরু হয়েছিল। হবিগঞ্জ আদালতে মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় গত ১৫ মার্চ মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে আরও সাতজনের সাক্ষ্য নেওয়া হয়। পরে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার তারিখ চূড়ান্ত হয়েছে।

গত বছরের ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

মনির সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে, তার দুই চাচাতো ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র।

নিখোঁজের পাঁচ দিন পর গ্রামের উত্তরে ইছাবিল থেকে তাদের বালুচাপা দেওয়া লাশ উদ্ধার হলে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় বাহুবল থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন মনির মিয়ার বাবা আবদাল মিয়া।

ওই বছরের ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন নয়জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেন।

সুন্দ্রাটিকি গ্রামের দুই পঞ্চায়েতের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলার তদন্ত ও আসামিদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়। অভিযুক্ত নয়জনের মধ্যে কারাবন্দী আছেন—সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত একাংশের প্রধান আবদুল আলী ওরফে বাগাল, তাঁর দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, সহযোগী আরজু মিয়া ও শাহেদ মিয়া। বাচ্চু মিয়া নামের অন্য একজন আসামি পলাতক থাকা অবস্থায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। এ ছাড়া উস্তার মিয়া, বাবুল মিয়া ও বিল্লাল মিয়া নামের তিন আসামি পলাতক রয়েছেন।