
বিদায়ী শীতের মিষ্টি রোদ তখন সবে উঁকি দিয়েছে রমনার বটমূলের ডালের ফাঁকে। বর্ণিল সাজে সজ্জিত চারদিক। কাছাকাছি যেতেই একটু পর পর থেমে থেমে কিশোর কণ্ঠের উল্লাসধ্বনি শোনা যাচ্ছিল। স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরনে ছিল নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক। হাতে রঙিন কার্ড। নাম ঘোষণা হতেই মঞ্চে গিয়ে তারা গুণীজনের হাত থেকে নিচ্ছিল পুরস্কার। এ সময় অবিরাম করতালিতে পরিবেশ মুখর করে তুলতে ব্যস্ত ছিল অন্যরা। গতকাল শুক্রবার এসব আলোর পথযাত্রীর উচ্ছ্বাসে প্রাণস্পন্দিত হয়ে উঠেছিল রমনার বটমূল। দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের অনুপ্রেরণা দিয়েছেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে।
বিশ্বসাহিত্য কেন্দ্র তাদের স্কুল পর্যায়ে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণীর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বই পড়া কর্মসূচি ২০১৩ ঢাকা মহানগরের ৭২টি স্কুলের মোট পাঁচ হাজার ৭০৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একগুচ্ছ রঙিন বেলুন উড়িয়ে সকাল সাড়ে নয়টায় রমনার বটমূলে দুই দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো গতকাল। দুই দিনের এই অনুষ্ঠানের আর্থিক সহায়তা দিয়েছে গ্রামীণফোন । সহযোগিতায় ছিল প্রথম আলো।
তিন পর্বের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল সকালে উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী), লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, স্থপতি মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার আসাদুজ্জামান, বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ, নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম, কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক ও গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র কো-অর্ডিনেটর মেজবাহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘পড়া মানে আনন্দ, পড়া মানে বিকাশ। আমরা বই পড়ি আনন্দ পাওয়ার জন্য নিজেকে বিকশিত করার জন্য। জীবনের বিকাশের জন্য আমাদের বেশি করে বই পড়তে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই বাঁচতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। আর সুন্দরভাবে বাঁচার জন্য দরকার সুন্দর পৃথিবী। তোমরা বই পড়ার মাধ্যমে আগামীর পৃথিবীকে সুন্দর করে তুলবে।’
মুহম্মদ জাফর ইকবাল তাঁর বক্তব্যে বলেন, ‘সব খানে গিয়ে ছেলেমেয়েদের আমাকে বই পড়ার কথা বলতে হয়। কিন্তু এখানে এসে আমাকে বই পড়ার কথা বলতে হয় না। তোমরা নিজে থেকেই বই পড়ো। বাংলাদেশ ২০৫০ সালের মধ্যে বিশ্বের সব থেকে সমৃদ্ধ দেশে পরিণত হবে। আর সেই দেশের নেতৃত্ব দেবে তোমরা। শুধু বাংলাদেশেই নয়, তোমরাই ভবিষ্যতে ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্বকে নেতৃত্ব দেবে।’
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘তোমরা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। দেশের দারিদ্র্য, অশিক্ষা, দুর্নীতি, অপশাসন ও কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে তোমাদের দায়িত্ব।’
আনিসুল হক অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আপনাদের ছেলেমেয়েদের বিকশিত হতে দিন। তাদের বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।’
বিকেলে পুরস্কার বিতরণী উৎসবের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।