আলোর পথে এগোতে চান সাইদুর ও হাকিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইদুর রহমান
সাইদুর রহমান

নবম শ্রেণি থেকে অন্যের বাড়িতে গৃহশিক্ষকতা করে পড়াশোনা করেছেন বরগুনার সাইদুর রহমান। এসএসসিতে জিপিএ-৫ পেলেও টাকার অভাবে সহপাঠীদের সঙ্গে এইচএসসিতে অংশ নিতে পারেননি। পরের বছর পাস করেছেন জিপিএ-৪.৭০ পেয়ে। তবে জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় পেছনে ফেলেছেন হাজারো শিক্ষার্থীকে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সেলুনকর্মী আবদুল হাকিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১৪১তম হয়েছেন তিনি। দুজনই তাঁদের মেধার স্বাক্ষর রেখেছেন। তবে শেষ পর্যন্ত পড়ালেখা চালিয়ে নেওয়া ও ভর্তির টাকা জোগাড় হবে কি না, তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাঁদের।
সাইদুর রহমান নবম শ্রেণি থেকে অন্যের বাড়িতে গৃহশিক্ষকতা করে পড়াশোনা করেছেন। ২০১১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেও ২০১৩ সালে টাকার অভাবে এইচএসসির ফরম পূরণ করতে পারেননি। চলতি বছর পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৭০ পান। তবে গত ১৯ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে বিজ্ঞান শাখায় মেধাতালিকায় প্রথম এবং ‘ডি’ ইউনিটে তৃতীয় হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে বিজ্ঞান শাখায় মেধাতালিকায় ৬৯তম স্থান অধিকার করেন।
বরগুনা সদর উপজেলার রোডপাড়া গ্রামের দিনমজুর আবদুল মজিদের (৬৬) দুই ছেলের মধ্যে ছোট সাইদুর। বড় ছেলে শাহিন ঢাকায় রিকশা চালান। বিয়ে করে পরিবার থেকে আলাদা হয়েছেন। সবার ছোট ছবি আকতার রোডপাড়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সাইদুর দশম শ্রেণিতে পড়ার সময় মা ফরিদা বেগম মারা যান।

আবদুল হাকিম
আবদুল হাকিম

সাইদুর এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন শুনে চোখের জল ধরে রাখতে পারেননি আবদুল মজিদ। এই সুখবরের মধ্যেও কপালে দুশ্চিন্তার ভাঁজ মজিদের। কীভাবে ছেলেকে ভর্তি করাবেন, কীভাবে চলবে পড়াশোনার খরচ—কিছুই ভেবে পাচ্ছেন না।
সাইদুর বলেন, ‘কী করব ভাবতে পারছি না। বাবার অসহায় মুখ দেখে আমার বুকটা ভেঙে যায়। পরিবারের সবার স্বপ্ন আমাকে ঘিরে। এই স্বপ্নের বোঝা কত যে ভারী তা বোঝাতে পারব না।’
গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের বটতলার একটি সেলুনে গিয়ে হাকিমকে পাওয়া যায়। মনোযোগ দিয়ে একজনের দাড়িতে ক্ষুর চালাচ্ছিলেন। কাজ শেষে কথা হলো তাঁর সঙ্গে। জানান, এখানে কাজ করে নিজের পাশাপাশি ছোট দুই ভাইকেও পড়াশোনা করাচ্ছেন। হাকিম বলেন, ‘এইচএসসিতে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এতে উপার্জন বন্ধ হয়ে গেলে সংসার চলবে না। এমন অবস্থায় অন্যের সহযোগিতা ছাড়া কোনো উপায় নেই। রাজশাহীতে একটি খণ্ডকালীন কাজের সুযোগ পেলেও কিছুটা সামলে নেওয়া যেত।’
হাকিমের বাবা হাসেম আলী বলেন, ‘ছেলের শখ ব্যাংকের বড় অপিচার হবে। বাড়ির আড়াই কাঠা ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। সেডা বেচলি থাইকপো কনে?’