আলোর পথে পারুলের হামাগুড়ি
বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব দেড় কিলোমিটার। প্রতিদিন হামাগুড়ি দিয়ে এই পথ পাড়ি দিয়েছে কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার দড়ি চণ্ডীব গ্রামের পারুল বেগম। সে এবার স্থানীয় মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৩ দশমিক ১৩ পেয়ে পাস করেছে।পারুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জন্মের পর থেকে পারুল এক দিনের জন্যও সোজা হয়ে দাঁড়াতে পারেনি। হামাগুড়ি দিয়েই পথ চলতে হয় তাকে। তার পরও সে পড়াশোনা চালিয়ে গেছে। বিদ্যালয়ে আসা-যাওয়া করতে তিন কিলোমিটার পথ নিয়মিত হামাগুড়ি দিয়েই পাড়ি দিত সে। চার ভাইবোনের মধ্যে পারুল দ্বিতীয়। জন্মগতভাবে সে প্রতিবন্ধী। বয়স যখন দুই বছর, তখন ঢাকার পঙ্গু হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। এ জন্য সহায়সম্বল বিক্রি করতে হয় পারুলের পরিবারকে। অস্ত্রোপচার করার পরও সে ভালো হয়নি।গত বৃহস্পতিবার বিকেলে পারুলের বাড়িতে গিয়ে কথা হয় তার মা রাফিয়া বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘কি কমু, মেয়ের লাইগগা বুকভরা দুখ। এত দুখের মধ্যে পাসের খবর সুখ আইনা দিছে ও।’ পারুল জানায়, ভালো ফল করতে না পারায় সে সন্তুষ্ট নয়। তার পরও কলেজে যেতে পারবে ভেবে সে খুশি।