আলোর পথে ফিরতে স্বেচ্ছায় কারাবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভালো হতে হবে’—এ উপলব্ধি থেকে আলোর পথে ফিরতে স্বেচ্ছায় কারাবরণ করেছেন দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মাদকাসক্ত ধলু মিয়া (৩২)।ধলু মিয়া বলেন, ‘মুই ভালো হবা চাও। হেরোইনের নেশায় পড়ে জীবনটাক শেষ করছো। পরিবারটাকেও ধ্বংস করছো। আর নয়। অ্যাটে (এখানে) থাকলে বন্ধুদের পাল্লায় পড়ে ভালো হবা পারুম না। তাই জেলখানায় যায়ে ভালো হমু।’গত বৃহস্পতিবার দুপুরে বিরামপুর থানায় বসে তিনি এসব কথা বলেন। তিনি পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মকু মিয়ার ছেলে।বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোখছানা বেগম বলেন, ‘ধলু মিয়া বৃহস্পতিবার সকালে আমার কাছে এসে নিজেই হেরোইন আসক্তির কথা তুলে ধরেন এবং তাঁকে জেলহাজতে পাঠানোর অনুরোধ করেন। এ সময় আমি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনা শ্রম কারাদণ্ড দিই। ওই দিনই তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ ধলু মিয়া জানান, তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর তিনটি ছেলেসন্তান রয়েছে। সুখের সংসার ছিল। পাঁচ বছর আগে ঈদের এক ছুটিতে তিনি বাড়িতে যান। ঈদের আনন্দে বন্ধুদের পাল্লায় পড়ে গাঁজাসহ কয়েকটি নেশার প্রথম স্বাদ নেন তিনি। এরপর মাদকের নেশায় পড়ে আর ঢাকায় ফিরে যাওয়া হয়নি তাঁর। প্রথম দিকে গাঁজা আর ফেনসিডিলে আসক্ত হলে পরে ধীরে ধীরে হেরোইন সেবন করেন তিনি। নেশার টাকা জোগাড় করতে রিকশা চালানো শুরু করেন।