আলোর পথের পথিক তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শহিদুল ইসলাম রিকশা চালান। আয়ের একটি অংশ বাঁচিয়ে গরিব শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ মেটান। ছবি: প্রথম আলো
যশোরের শহিদুল ইসলাম রিকশা চালান। আয়ের একটি অংশ বাঁচিয়ে গরিব শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ মেটান। ছবি: প্রথম আলো

তাঁরা দুই যুবক। রিকশা চালান দুই ভিন্ন শহরে। রোদে পোড়েন। বৃষ্টিতে ভেজেন। কাঁপেন কনকনে শীতে। যা আয় হয়, তাতে নুন আনতে পান্তা ফুরায়। লেখাপড়া দুজনেরই বেশি দূর এগোয়নি। তাঁদের স্বপ্নের পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু নিজেদের অপূর্ণ স্বপ্ন ছড়িয়ে দিচ্ছেন তাঁরা অজস্র শিশু-কিশোরের মধ্যে। রিকশা চালিয়ে সঞ্চিত অর্থে তাঁরা গরিব, নিঃস্ব শিশুদের পড়ালেখার পেছনে ব্যয় করছেন। কিনে দিচ্ছেন বই-খাতা, পেনসিল-কলম, জ্যামিতি বক্স, পোশাক বা স্কুলব্যাগ।

এই দুই রিকশাচালক যশোরের শহিদুল ইসলাম ও নেত্রকোনার দুর্গাপুরের তারা মিয়া। দুজনেরই বয়স ত্রিশের কোঠায়। সংসারের শত টানাপোড়েনের মধ্যেও দুজনে মিলে বিভিন্ন স্কুলের কয়েক হাজার দুস্থ শিশুর লেখাপড়ার খরচ মিটিয়েছেন।

যশোরের শহিদুল
যশোরের সদর উপজেলার কৃষ্ণবাটী গ্রামে শহিদুল ইসলামের বাড়ি। তাঁর বয়স যখন মাত্র আড়াই বছর, তখন বাবা আমির হোসেন যক্ষ্মারোগে মারা যান। মাথায় আকাশ ভেঙে পড়ে মা ফুলজান বেগমের। ঝিয়ের কাজ নেন অন্যের বাড়িতে। শহিদুলের বয়স যখন ছয় বছর, তখন তিনি তাঁকে ভর্তি করিয়ে দেন কৃষ্ণবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

অভাবের সংসার। তৃতীয় শ্রেণি থেকে প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণিতে ওঠেন শহিদুল। সেটা ১৯৯৫ সাল। সামনে বৃত্তি পরীক্ষা। কিন্তু অনেক চেষ্টা করেও বৃত্তি পরীক্ষার টাকা জোগাড় করা যায়নি। সেই দুঃখে লেখাপড়া ছেড়েই দেন শহিদুল। শিশুশ্রমিক হিসেবে কাজে যোগ দেন।

কিন্তু লেখাপড়া না শেখার কষ্ট তাঁর পিছু ছাড়েনি। একদিন সিদ্ধান্ত নেন, উপার্জনের একটি অংশ দিয়ে তিনি এতিম, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কিনে দেবেন। গত ১০ বছরে তিনি ২৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং ৫টি কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিয়েছেন। নগদ টাকাও দিয়েছেন অনেককে।

শহিদুলের উপকারভোগীরা
শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়ার আগে শহিদুল ইসলাম সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নিজে জরিপ চালিয়ে এতিম, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বাছাই করেন।

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের কলেজছাত্র সোহেল রানা এখন উপশহর ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ছে। বাহাদুরপুর বহুমুখী বিদ্যালয়ে পড়ার সময় ভিক্ষুক বাবা তাকে একটি খাতাও কিনে দিতে পারেননি। কিন্তু ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সোহেল নিয়মিত খাতা ও কলম পেয়েছেন রিকশাচালক শহিদুলের কাছ থেকে। সোহেল রানা প্রথম আলোকে বলে, ‘শহিদুল ভাইয়ের উপকারের কথা ভোলা যাবে না। তাঁর কারণে লেখাপড়া করতে পারছি। তিনি সহযোগিতার হাত না বাড়ালে স্কুলে থাকতেই লেখাপড়া বন্ধ হয়ে যেত।’

যশোর সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী শাম্মী ইয়াসমিন। ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় শহিদুল তাকে তিন রিম কাগজ, ২০টি কলম এবং ২ হাজার ৫০০ টাকা দেন। শাম্মী ইয়াসমিন বলে, ‘শহিদুল ভাইয়ের এ সহায়তা আমার জন্য খুব জরুরি ছিল।’

যশোর শহরের খড়কি এলাকার ফিরোজ আলী মোল্লা যশোর সরকারি এম এম কলেজে পদার্থবিদ্যা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। স্কুলে পড়ার সময় শহিদুল ইসলাম ফিরোজকে সব ধরনের খাতা ও কলম কিনে দিতেন। মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর টাকার অভাবে ফিরোজ কলেজে ভর্তি হতে পারছিল না। পাশে এসে দাঁড়িয়েছিলেন শহিদুল ইসলাম। ভর্তির ২ হাজার ৬০০ টাকা তিনিই দেন।

কৃষ্ণবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, শহিদুল ইসলাম ২০১০ সাল থেকে এই বিদ্যালয়ের গরিব, মেধাবী শিক্ষার্থীদের নানা শিক্ষা উপকরণ দিয়ে যাচ্ছেন। গত সপ্তাহেও তিনি বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণির দুই গরিব শিক্ষার্থীকে খাতা, কলম ও স্কুলব্যাগ দিয়েছেন।

শহিদুলের বাড়ি
দুই কক্ষের ছোট্ট একটি ইটের ঘর। ওপরে টিনের ছাউনি। মা ফুলজান বেগম (৫৩), স্ত্রী বিউটি বেগম (২৮), পঞ্চম শ্রেণিপড়ুয়া মেয়ে তানজিলা খাতুন ও ছেলে মো. হোসাইনকে (আড়াই বছর) নিয়ে শহিদুল ইসলামের সংসার। সম্পদ বলতে নিজের কেনা নয় শতক জমি, দুটি গাভি আর দুটি বাছুর এবং মার পৈতৃকসূত্রে পাওয়া চার শতক জমি।

শহিদুল ইসলাম বলেন, রিকশা ও মাঝেমধ্যে ভ্যান চালিয়ে এবং গরুর দুধ বিক্রি করে প্রতিদিন গড়ে ৬০০ টাকা মতো আয় হয় তাঁর। এই টাকা থেকে বাঁচিয়ে এতিম, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ কিনে দেন তিনি।

মা ফুলজান বেগম ও স্ত্রী বিউটি বেগম শহিদুল ইসলামের এ কাজে সহযোগিতা করেন। দেন অনুপ্রেরণা। স্ত্রী বিউটি বেগম বলেন, অভাবের সংসার সত্ত্বেও শহিদুলের কর্মকাণ্ডে তিনি গর্ব বোধ করেন।

পৈতৃক সূত্রে পাওয়া মায়ের চার শতক জমিতে একটি কম্পিউটার সেন্টার করতে চান শহিদুল। গরিব ছাত্রছাত্রীরা সেখানে কম্পিউটার প্রশিক্ষণ নেবে। তাদের থাকার জন্য মেস থাকবে।

দুর্গাপুর শহরের তারা মিয়া তাঁর সঞ্চিত অর্থের বড় অংশই ব্যয় করেন দুস্থ শিক্ষার্থীদের পেছনে।  ছবি: প্রথম আলো
দুর্গাপুর শহরের তারা মিয়া তাঁর সঞ্চিত অর্থের বড় অংশই ব্যয় করেন দুস্থ শিক্ষার্থীদের পেছনে। ছবি: প্রথম আলো

নেত্রকোনার তারা মিয়া
তারা মিয়ার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামে। দিনমজুর বাবা আবদুল হেলিমের তিন সন্তানের মধ্যে তারা মিয়া সবার বড়। হতদরিদ্র পরিবারে জন্ম হওয়ায় তিনি লেখাপড়া করতে পারেননি। ছোটকালে তাঁর খেলার সাথিরা যখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যেতেন, তখন তিনি বাবার সঙ্গে মানুষের বাড়িতে কাজে যেতেন। এখন প্রায় সাত বছর ধরে তিনি রিকশা চালান। লেখাপড়া শিখতে না পারার কষ্ট ভুলতেই এলাকার দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষানুরাগী এই যুবক।

স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর ধরে তারা মিয়া উপজেলার অন্তত ২০টি বিদ্যালয়ের ৪ শতাধিক গরিব ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাহায্য করেছেন। কারও টিফিন বক্স, স্কুলব্যাগ, কারও জামাকাপড় কিনে দিয়েছেন, কারও পরীক্ষার ফি, কারও বা মাসের বেতন পরিশোধ করেছেন। এখনো তা করে যাচ্ছেন।

বৃদ্ধ মা, স্ত্রী ও এক সন্তান নিয়ে তারা মিয়ার ছোট সংসার। ছেলে রিফাত মিয়া (৮) চকলেঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। স্ত্রী নাজমা আক্তার (২৮) পেশায় কয়লাশ্রমিক। তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামের অদূরে সোমেশ্বরী নদী থেকে কয়লা সংগ্রহ করে তা বিক্রি করেন।

সম্প্রতি তারা মিয়া প্রথম আলোকে বলেন, ‘সংসারের অভাব-অনটনের জন্য নিজে লেখাপড়া করতে পারিনি। বড় হয়ে যখন বুঝেছি পড়ালেখা ছাড়া জীবন মূল্যহীন, তখন অসচ্ছল ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করার ইচ্ছা হয়। জীবনের শেষ পর্যন্ত যেন এই কাজে যুক্ত থাকতে পারি। আমার মতো যেন তারা নিরক্ষর না থাকে।’

তারা মিয়া জানান, প্রতিদিন রিকশা চালিয়ে রাতে বাড়িতে গিয়ে একটি মাটির ব্যাংকে ১৫ থেকে ২০ টাকা করে সঞ্চয় করেন। সেই অর্থই গরিব শিক্ষার্থীদের পেছনে ব্যয় করছেন। পাশাপাশি স্ত্রীও তাঁকে কিছু সাহায্য করেন।

কাজের স্বীকৃতি হিসেবে গত বছর ইস্ট প্ল্যান্ট ইনস্যুরেন্স নামে একটি প্রতিষ্ঠান তারা মিয়াকে এক লাখ টাকা পুরস্কার দেয়। কিন্তু সেই টাকার পুরোটাই গরিব শিক্ষার্থীদের পড়ালেখায় বিলিয়ে দিয়েছেন তিনি।

তারা মিয়ার স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমার স্বামী দারুণ পরিশ্রমী। সকাল থেকে রাত পর্যন্ত রিকশা চালান। উপার্জিত টাকা কিছু জমিয়ে এমন ভালো কাজ করেন। অনেকের সাধ্য থাকলেও তা করে না। আমি আমার স্বামীর এমন কাজে গর্ববোধ করি।’

নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার গুপ্ত বলেন, ‘তারা মিয়ার ব্যতিক্রমী এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাঁর কাছে আমাদের শেখার আছে।’