সহপাঠীদের কাছ থেকে জিপিএ-৫ পাওয়ার খবর পেয়ে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেনি ইব্রাহিম খলিল। করাতকলে কাজ ও টিউশনি করে এ চমক লাগানো সাফল্য পেয়েছে সে। তার মতো লেখাপড়ার পাশাপাশি দর্জির কাজ করে হাওয়া খাতুন, কৃষিশ্রমিকের কাজ করে শিমুল, কাঁথা সেলাইয়ের কাজ করে রোকেয়া আক্তার এবং জুতা সেলাইয়ের কাজ করেছে উত্তম রবিদাস। সংসারের খরচ জোগাতে অল্প বয়সেই জীবনযুদ্ধে নামতে হয়েছে ওদের। এর পরও এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য পেয়েছে ওরা। আজ শুনব এসব হার না-মানা কৃতী শিক্ষার্থীর গল্প।জিপিএ-৫ পাওয়া এমন মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেবে। নির্বাচনের ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর বিষয়গুলো বিবেচনা করা হয়। সমাজের অনেক বিত্তশালীও আগ্রহ প্রকাশ করছেন এ মেধাবীদের চলার পথ আরেকটু মসৃণ করতে।ইব্রাহিম খলিল: ইব্রাহিম খলিলকে সকালে করাতকলে কাজ করে এবং বিকেলে প্রাইভেট পড়িয়ে সংসারে খরচ জোগাতে হয়েছে। বাবা বারেক বিশ্বাস অসুস্থ থাকায় ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই করাতকলে কাজ শুরু করে সে। পরীক্ষার ফল প্রকাশের দিনও প্রচণ্ড রোদের মধ্যে করাতকলে কাজ করেছে সে। পটুয়াখালী শহরের তালতলা এলাকার বস্তিতে ভাঙাচোরা ঘরে থাকে ইব্রাহিমের পরিবার। ঘরে বিদ্যুতের আলো ছিল না। কুপিবাতি জ্বালিয়ে রাতের বেলা কাজ করেছে সে। ইব্রাহিম টাউন উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। ভালো ফল করার পরও উচ্চমাধ্যমিকে লেখাপড়া নিয়ে সংশয় প্রকাশ করেছে সে। ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা—জানতে চাইলে ইব্রাহিম খলিল বলে, ‘অর্থের অভাবে হয়তো লেখাপড়া করতে পারব না, সেখানে আর ভবিষ্যতের স্বপ্ন দেখে কী লাভ?। তবে লেখাপড়া করতে পারলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে।’হাওয়া খাতুন: মেয়ে হাওয়া খাতুনের লেখাপড়া নিয়ে তেমন আগ্রহ ছিল না আবদুল হান্নানের। দুই ছেলেকে নিয়ে স্বপন দেখতেন তিনি। হান্নান ভ্যানচালক। তাই মেয়ের লেখাপড়ার পেছনে টাকা খরচ করার মতো সামর্থ্য ছিল না তাঁর। অথচ হাওয়া খাতুনই এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সেই বাবার মুখ উজ্জ্বল করেছে। তাদের বাড়ি বগুড়া সদর উপজেলার বেলাইল এলাকায়। সে বিদ্যালয়ে যাওয়ার আগে এবং পরে দর্জির কাজ করে লেখাপড়ার খরচ জুগিয়েছে। হাওয়ার মা ডলি বেগম বলেন, হাওয়ার বাবা যেদিন রিকশা-ভ্যান চালাতে পারেন না, সেদিন তাঁদের খাবার জোটে না। এর পরও লেখাপড়া চালিয়ে গেছে মেয়ে। অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই তাঁর মেয়ে দর্জির কাজ করছে। হাওয়া খাতুন বলে, ‘আমি আদর্শ শিক্ষক হতে চাই। কারণ, শিক্ষকদের অনুপ্রেরণা ও সহায়তায় আমি এমন ফল করতে পেরেছি। আমি দরিদ্র ছাত্রছাত্রীদের বিনা টাকায় প্রাইভেট পড়াব।’ হাওয়া ফাপোর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল।শিমুল হোসেন: এসএসসি পরীক্ষার ফল জানতে সহপাঠীরা যখন বিদ্যালয়ে জড়ো হচ্ছিল, তখন প্রচণ্ড রোদে পাশের গ্রামে বাবার সঙ্গে জমিতে ধান কাটছিল মো. শিমুল হোসেন। তার শরীর থেকে ঘাম ঝরছিল। এমন সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন খুশির খবর দেন তাকে। বিদ্যালয়ের শিক্ষক মাঠে এসে তাকে এ খবর দিয়েছে শুধু একটি কারণে। আর তা হচ্ছে, ওই বিদ্যালয় থেকে এবার সে একাই জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ে গিয়ে ফল জানার মতো ফুরসত নেই তার। নিতান্ত পেটের দায়েই বাবার সঙ্গে মাঠে কাজ করতে হচ্ছে তাকে। তাদের বাড়ি উপজেলার পোলবাগুন্দা গ্রামে। মা আকলিমা খাতুন বলেন, ‘গ্যালো দুই বছর থেইকে ছেইলেডায় (ছেলেটা) মুনিষ (কামলা) খাইটে সংসার চালাচ্চে। সুযোক পালি লিকাপড়া করে। অ্যাকন কলেজে লিকাপড়ার খরজ দিয়ার সামর্ত উর বাপের নেই।’ এত বাধা-বিপত্তি থাকার পরও লেখাপড়া চালিয়ে যেতে চায় শিমুল। শিমুল বলে, ‘মায়ের স্বপ্ন, আমি এক দিন অনেক বড় হব। যত কষ্টই হোক চিকিৎসক হয়ে আমি মায়ের স্বপ্ন পূরণ করব।’রোকেয়া আক্তার: কিশোরগঞ্জ এস ভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে রোকেয়া আক্তার। অনেক কষ্ট ও শোকের পথ পাড়ি দিয়ে এ ঈর্ষণীয় সাফল্য পেয়েছে সে। গত অক্টোবরে তার বাবা মো. রহমত আলী মারা যান। রহমত আলী ছিলেন মুদি দোকানের কর্মচারী। তাঁর সামান্য আয়ে সংসার চলত না। তাই অনেক আগ থেকে প্রাইভেট পড়িয়ে ও কাঁথা সেলাইয়ের কাজ করছে সে। বাবা মারা যাওয়ার পর তার দায়িত্ব আরও বেড়ে যায়। রোকেয়া বলে, ‘বাবা নেই। পাঁচ ভাইবোনের মুখে দুবেলা খাবার তুলে দিতেই হিমশিম খাচ্ছি। কলেজে লেখাপড়ার খরচ চালানোর মতো অবস্থা আমার নেই।’ এত হতাশার মাঝেও লেখাপড়া করে বিচারক হওয়ার স্বপ্ন দেখছে সে। রোকেয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন জানান, রোকেয়া তার স্বপ্ন পূরণ করতে পারবে। উত্তম রবিদাস: জন্মের এক বছরের মধ্যেই উত্তম রবিদাসের বাবা রামদুলাল মারা যান। মেজভাই রমেশ রবিদাস জুতা সেলাইয়ের কাজ করে যে টাকা পেতেন, তা দিয়ে সংসার চলত না। তাই ছোটবেলা থেকেই ভাইয়ের সঙ্গে কাজ শুরু করে উত্তম। দরিদ্র পরিবারের সন্তান হলেও লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। তাই সকাল ও বিকেলে কাজ করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে গেছে সে। অনেক সময় না খেয়েই বিদ্যালয়ে যেতে হয়েছে তাকে। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। সে কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। তাদের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম গ্রামে। উত্তম জানায়, বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে লেখাপড়ার ব্যাপারে সহায়তা করেছে। সে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। কাউছার হামিদ: কাউছার হামিদ কক্সবাজার পৌরসভার প্রিপারেটরি উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আবুল কাশেম দীর্ঘদিন ধরে নিখোঁজ। মা নাসিমা আকতার একটি বিদ্যালয়ের আয়া (পরিচ্ছন্নতাকর্মী)। মাস শেষে তার মা আড়াই হাজার টাকা বেতন পান। ওই টাকায় সংসার চলে না। তাই অনেক সময় উপোস থেকেও বিদ্যালয়ে যেতে হয়েছে কাউছারকে। নিজেদের কোনো জমি নেই। সে শহরের ঘোনারপাড়ার পাহাড়ে একখণ্ড খাসজমিতে ছোট মাটির ঘরে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা জানান, কাউছার অত্যন্ত মেধাবী। অনেক কষ্ট সহ্য করে সে জিপিএ-৫ পেয়েছে। সুযোগ পেলে ছেলেটি ভালো করবে।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন শংকর দাস, পটুয়াখালী; মিলন রহমান, বগুড়া;শাহ আলম, চুয়াডাঙ্গা; সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ; সফি খান, কুড়িগ্রাম; আব্দুল কুদ্দুছ, কক্সবাজার]