আলোর পাঠশালা গড়তে দেওয়া হলো ২৫টি বুকশেলফ
সিলেটের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোর পাঠশালা’ পাঠাগারের জন্য বইয়ের তাক (বুকশেলফ) হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে সেগুলো হস্তান্তর করা হয়।
বেলা ১১টায় প্রেসক্লাবের আমীনুর রশিদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোর পাঠাশালা গড়তে বেসরকারি মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের সহায়তায় নগরের ১০টি ও প্রত্যন্ত এলাকার ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে ২৫টি বুকসেলফ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারা দেশে ১২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৫ লাখ ছাত্রছাত্রী বইপড়া কর্মসূচির সদস্য। এর ধারাবাহিকতায় ১০ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রকে সহযোগিতা করছে গ্রামীণফোন। তাদের সহযোগিতায় সিলেট, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আলোর পাঠশালা’ পাঠাগার গড়ে তোলার জন্য একটি করে বুকশেলফ দেওয়া হয়।
ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়ুব আলী বলেন, ‘পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার অভ্যাস আজকাল উঠে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে এ অভ্যাস ফেরাতে অনেকটা অন্ধকার ঘরে বাতির মতো কাজ করবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, প্রধান শিক্ষক অঞ্জলি প্রভা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।